ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য বুধবার দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা বা সিএসএ। গত মার্চে নিউজিল্যান্ডকে হারানো দলটিই অপরিবর্তিত রেখেছে তারা।
আগামী মাসে আইসিসি টেস্ট র্যাংকিংয়ে সবার ওপরে থাকা ইংল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতেই খেলবে র্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা।
গোড়ালির অস্ত্রোপচারের পর আবার নেতৃত্বে ফিরেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ।
১৯ জুলাই থেকে ওভালে শুরু হবে প্রথম টেস্ট। ২ অগাস্ট থেকে হেডিংলিতে দ্বিতীয় এবং ১৬ অগাস্ট থেকে লর্ডসে তৃতীয় টেস্ট।
টেস্ট সিরিজ শেষে পাঁচ ম্যাচের ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুদল।
দক্ষিণ আফ্রিকা দল: গ্রায়েম স্মিথ (অধিনায়ক), হাশিম আমলা, মার্ক বাউচার (উইকেটরক্ষক), মার্চেন্ট ডি ল্যাঞ্জ, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ইমরান তাহির, জ্যাক ক্যালিস, মর্নে মরকেল, আলভিরো পিটারসেন, রবিন পিটারসন, ভার্নন ফিল্যান্ডার, জ্যাক রুডলফ, ডেল স্টেইন ও লনওয়াবো সোতসোবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২৫৯ঘ.
bdnews24