ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং-কিংবদন্তী স্যার ভিভিয়ান রিচার্ডসের ধারণা, আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে সবার ওপরে থাকা ইংল্যান্ডের আগামী কয়েক বছরও টেস্ট ক্রিকেটে প্রাধান্য থাকবে।
গত বছর ভারতকে দেশের মাটিতে চার ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠে ইংল্যান্ড। এর আগে অস্ট্রেলিয়া থেকে অ্যাশেজও জিতে এসেছিলো তারা।
রিচার্ডস মনে করেন দীর্ঘ দিন শীর্ষে থাকার ক্ষমতা ভালো মতোই আছে অ্যান্ড্রু স্ট্রাউসের দলের।
তিনি বলেন, “অ্যান্ড্রু স্ট্রাউস ইংল্যান্ডকে ভালোভাবেই নেতৃত্ব দিচ্ছেন। এবং এই দলটির মধ্যে উত্তরাধিকার সৃষ্টির ক্ষমতাও আছে।”
“তারা হোমওয়ার্ক ঠিক মতো করে। উইকেট নেয়ার মতো শক্তিশালী বোলিং আক্রমণও তাদের আছে। এই পর্যায়ের ক্রিকেটে এটা খুবই গুরুত্বপূর্ণ,” যোগ করেন সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান।
যদিও রিচার্ডসের ধারণা, ইংল্যান্ডের শ্রেষ্ঠত্ব ধরে রাখা অনেকটাই নির্ভর করছে বিদেশের মাটিতে সাফল্যের ওপরে।
এ বছরের শুরুতে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের কাছে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরে গেছে ইংল্যান্ড। গত বছরের শেষ দিকে শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ ১-১এ ড্র করেছিলো তারা।
এ প্রসঙ্গে রিচার্ডস বলেন, “এ ব্যাপারে ভিন্নমত থাকতে পারে। তবে কিংবদন্তী বা শ্রেষ্ঠ হওয়ার জন্য আপনাকে অবশ্যই সব ধরনের পরিবেশ-পরিস্থিতিতে জয়ের ক্ষমতা থাকতে হবে।”
“শুধু ঘরের মাঠে জিতলেই হবে না। ভারত কিংবা পাকিস্তানে গিয়েও জেতা দরকার। অবশ্য জিততেই যে হবে এমন কোনো কথা নেই। (বিদেশের মাটিতে) ড্রকেও ভালো ফল বলা যেতে পারে। এটা অনেকটা ফুটবলের মতো। যেখানে প্রতিপক্ষের মাঠে পাওয়া পয়েন্টও খুব গুরুত্বপূর্ণ,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৩৭ঘ.
bdnews24