২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএলের বকেয়া পরিশোধে বিসিবি সভাপতির আশ্বাস

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসরে অংশ নেয়া ক্রিকেটারদের বকেয়া কয়েক দিনের মধ্যেই পরিশোধ করা হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2012, 02:45 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসরে অংশ নেয়া ক্রিকেটারদের বকেয়া কয়েক দিনের মধ্যেই পরিশোধ করা হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল। মঙ্গলবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল গভর্নিং কাউন্সিল ও ছয় ফ্র্যাঞ্চাইজির মালিকদের সঙ্গে আলোচনার পর এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেন, “বিদেশি খেলোয়াড়দের ৮৯ শতাংশ টাকা পরিশোধ করা হয়েছে। স্থানীয় খেলোয়াড়দেরও ৮০ শতাংশ টাকা পরিশোধ করা হয়েছে।” “বিদেশি খেলোয়াড়দের পাওনা টাকা দুয়েক দিনের মধ্যে এবং স্থানীয় খেলোয়াড়দের বকেয়া ৭ থেকে ১০ দিনের মধ্যে পরিশোধ করা হবে,” যোগ করেন তিনি। তবে মুস্তফা কামাল জানিয়েছেন, বিদেশি খেলোয়াড়দের ৩ লাখ ডলারের মধ্যে প্রায় ৫০ হাজার ডলার শেষ পর্যন্ত পরিশোধ করা সম্ভব হবে না। এর ব্যাখ্যায় তিনি বলেন, “চুক্তিতে থাকলেও কোনো কোনো খেলোয়াড় এখন কর দিতে রাজি হচ্ছেন না। আবার অনেকে চোট বা অসুস্থতা নিয়ে এসেছিলেন। তারাও পুরো টাকা চাইছেন। এটা তো হতে পারে না। এই টাকাকে বকেয়া হিসেবে না ধরার আহ্বান জানাচ্ছি।” অন্যান্য দেশের টি-টোয়েন্টি টুর্নামেন্টের চেয়ে বকেয়া পরিশোধে বিপিএলের এগিয়ে থাকার দাবি জানিয়ে বিসিবি সভাপতি বলেন, “আমি কোনো দেশের নাম বলতে চাই না। কিন্তু বকেয়া পরিশোধে আমাদের মতো তৎপর কেউ নয়।” বিপিএলের পাওনা নিয়ে ফিকার তৎপরতারও সমালোচনা করেন মুস্তফা কামাল। তিনি বলেন, “অল্প কিছু বকেয়ার জন্য আমাদের যেভাবে বিষোদগার করা হয়েছে তাতে মনে হয় ফিকার অন্য কোনো লক্ষ্য রয়েছে। তারা কোনো অনুমোদিত সংস্থা নয়।” “আমরা শুরু েেকই বলেছি, কোনো ফ্র্যাঞ্চাইজি বকেয়া পরিশোধে র্ব্য হলে বিসিবি তার দায়িত্ব নেবে। তার পরে বকেয়া নিয়ে কারো এমন মন্তব্য করা উচিৎ নয়। তাছাড়া এখনও পর্যন্ত কোনো ক্রিকেটার বা তাদের এজেন্টরাও কোনো অভিযোগ জানাননি,” যোগ করেন তিনি। সমস্যা দূর করতে এ সপ্তাহ থেকেই বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে চুক্তির কাজ শুরু হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৪২ঘ.