ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এজবাস্টন টেস্টে শতকের পর স্যার ভিভ রিচার্ডসকে বিদ্রুপ করে লেখা কাগজ উঁচিয়ে ধরার অপরাধে ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক-ব্যাটসম্যান দীনেশ রামদিনের ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।
ম্যাচ রেফারি রোশন মহানামা বলেন, “কোনো মাইলফলকে পৌঁছানোর পর তা উদযাপনের গুরুত্ব আমরা সবাই বুঝি। কিন্তু ঐ সময়কে ব্যবহার করে কোনো সমালোচককে আঘাত করা বা সারা বিশ্বে কোনো বার্তা পাঠানো কারোরই উচিৎ নয় ।”
ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনে ক্যারিয়ারের দ্বিতীয় শতকে পৌঁছানোর পর পকেট থেকে একটি সাদা কাগজ বের করেন রামদিন। যাতে লেখা ছিলো, ‘ইয়া ভিভ টক নাহ।’
পরে অবশ্য রামদিন স্বীকার করেন, আবেগের বশেই তিনি ঐ কান্ড করেছেন।
প্রায় দুই বছর পর দলে ফেরা রামদিন ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ৬ ও ৪৩ এবং দ্বিতীয় টেস্টে মাত্র ১ ও ৬ রান করায় রিচার্ডস তার ব্যাটিংয়ের সমালোচনা করেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯২৭ঘ.
bdnews24