ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গত সপ্তাহে সীমিত ওভারের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে ক্রিকেট-বিশ্বকে চমকে দিয়েছিলেন কেভিন পিটারসেন। তবে আগামী সেপ্টেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চান তিনি। কারণ একটাই, ইংল্যান্ডকে শিরোপা ধরে রাখতে সাহায্য করা।
পিটারসেন জানিয়েছেন, “আমি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চাই। তারা (ইংল্যান্ড) চাইলে আমি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে রাজি।”
দু বছর আগে ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা ছিলো পিটারসেনের। ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ঐ টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত এই আক্রমণাত্মক ব্যাটসম্যান।
পিটারসেন অবশ্য শুধু ওয়ানডে থেকে অবসর নিতে চেয়েছিলেন। কিন্তু ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিয়মের কারণে তা সম্ভব হয়নি। ইসিবির নিয়মানুযায়ী ওয়ানডে বা টি-টোয়েন্টির যে কোনো একটি থেকে কেউ অবসর নিলে অন্যটিও খেলার সুযোগ থাকে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১২৯ঘ.
bdnews24