ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেস্ট মর্যাদা পাওয়ার এক যুগ কেটে গেলেও এখনো ভারত সফরে যায়নি বাংলাদেশ। তবে বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল এ বছরই বাংলাদেশের ভারত সফরের ব্যাপারে আশাবাদী।
তিনি জানিয়েছেন, কয়েক দিন আগে আইসিসির সভা চলার সময় বিসিসিআই সভাপতি এন. শ্রীনিবাসন এ বছরের শেষ দিকে এই সফর আয়োজনের প্রতিশ্র“তি দিয়েছেন তাকে।
ভারতের লক্ষেèৗয়ে বিসিবির নতুন স্পন্সর সাহারার একটি অনুষ্ঠানে মুস্তফা কামাল বলেন, “বাংলাদেশ এখনো ভারতে পূর্ণাঙ্গ সফর করেনি। তবে এই ব্যাপারটা আমরা ভারতীয়দের ওপরে ছেড়ে দিয়েছি।”
আগামী সেপ্টেম্বর থেকে আগামী বছরের মার্চ পর্যন্ত নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ভারত সফর করবে। ডিসেম্বরের শেষ দিকে ইংল্যান্ডের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের ফাঁকে কয়েক দিন বিরতি পাবে ভারত।
২২ ডিসেম্বর টি-টোয়েন্টি সিরিজ শেষে দেশে ফিরে যাবে ইংল্যান্ড। ওয়ানডে সিরিজ শুরু হবে ১১ জানুয়ারি থেকে। মাঝের এই কয় দিনে বাংলাদেশ-ভারত সিরিজ হতে পারে।
১৯৯০ সাল থেকে এ পর্যন্ত ভারতে ৯টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। সর্বশেষ ওয়ানডে খেলেছিলো ২০০৬ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। অন্যদিকে টেস্ট মর্যাদা পাওয়ার পর বাংলাদেশে ৭টি টেস্ট ও ১৫টি ওয়ানডে খেলেছে ভারত। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের অভিষেক টেস্টের প্রতিপক্ষও ছিলো ভারত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৪১ঘ.
bdnews24