ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ১৮ জুন থেকে জিম্বাবুয়েতে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের ম্যাচগুলো ‘অফিশিয়াল’ বা আনুষ্ঠানিক নয়। তবু টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য জিম্বাবুয়ে সফরকে ভীষণ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। তার লক্ষ্য টুর্নামেন্টের ফাইনালে খেলা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার অনুশীলন শেষে এই সফরে বেশ কিছু লক্ষ্যের কথা জানালেন তিনি। সেই সব লক্ষ্যের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পরিকল্পনা সাজানো, দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা আর নতুন কোচের সঙ্গে মানিয়ে নেয়া অগ্রগণ্য।
মুশফিক বলেন, “এই টুর্নামেন্টে আমাদের লক্ষ্য ফাইনালে খেলা। এবার নতুন পরিকল্পনা নিয়ে কাজ করার সুযোগ পাবো। নতুনের কোচেরও এটাই প্রথম অভিযান। এই সফরে তিনি সবাইকে ভালোভাবে বোঝার সুযোগ পাবেন।”
“আমরা নিয়মিত টি-টোয়েন্টি খেলার সুযোগ পাই না। ভালোও খেলতে পারি না। এবার অনেকগুলো ম্যাচ খেলার সুযোগ পাবো। সুযোগটা কাজে লাগাতে চাই,” যোগ করেন তিনি।
জাতীয় দলের অধিনায়ক আরো বলেন, “আমাদের সর্বশেষ জিম্বাবুয়ে সফর ভালো কাটেনি। জিম্বাবুয়ের মাটিতে তাদের হারানো সব সময়ই কঠিন। আর বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের মুখোমুখি হওয়া দারুণ গুরুত্বপূর্ণ ব্যাপার।”
“আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ জিম্বাবুয়ের আবহাওয়ার সঙ্গে যত দ্রুত সম্ভব মানিয়ে নেয়া। এটা করতে পারলে অবশ্যই ভালো করবো,” যোগ করেন তিনি।
রিচার্ড পাইবাস এই প্রথম দলের সব সদস্যকে নিয়ে অনুশীলন করলেন। এ প্রসঙ্গে মুশফিক বলেন, “কোচ এখনো আমাদের দেখছেন, আমাদের দ্রুত বুঝে নেয়ার চেষ্টা করছেন। তার সঙ্গে দ্রুত মানিয়ে নেয়া আমাদের জন্যও বড় চ্যালেঞ্জ।”
জিম্বাবুয়ে সফরে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অনুপস্থিতি অনুভূত হওয়ার কথাও অকপটে স্বীকার করলেন মুশফিক।
তিনি বলেন, “সাকিবের বিকল্প পাওয়া খুবই কঠিন। সে একাই আমাদের অনেক ম্যাচ জিতিয়েছে।”
পেসার হিসেবে পরিচিত হলেও এবারের প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাঙ্কের হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলেছেন জিয়াউর রহমান। তার ব্যাটিং-পজিশন সম্পর্কে জানতে চাইলে মুশফিক বলেন, “জিয়া প্রথম তিনের যে কোনো জায়গায় পিঞ্চ হিটার হিসেবে খেলতে পারেন। আবার পরের দিকেও ব্যাট করতে পারেন। ম্যাচের পরিস্থিতি অনুযায়ীই তাকে খেলানো হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৩৫ঘ.
bdnews24