ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ সময়ে উইকেট হারিয়ে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের তৃতীয় দিন শেষে চাপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে দিন শেষে দলটির সংগ্রহ ৮ উইকেটে ২৮০ রান।
উইকেটরক্ষক দীনেশ রামদিন ৬০ ও রবি রামপল ২ রানে ব্যাট করছেন।
এজবাস্টনে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড।
ব্যাট করতে কাইরন পাওয়েলের (২৪) সঙ্গে উদ্বোধনী জুটিতে ৪৯ ও আসাদ ফুডাডিনের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৪১ রানের ছোট কিন্তু কার্যকর জুটি গড়ে অতিথিদের ভালো সূচনা এনে দেন অ্যাড্রিয়ান বারাথ (৪১)।
দলীয় ৯০ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে বারাথের বিদায়ের পরপরই অবশ্য পুরনো চেহারায় ফিরে ওয়েস্ট ইন্ডিজ। ৯ রান পরেই সাজঘরের পথ ধরেন ড্যারেন ব্রাভো (৬)। এরপর বেশিক্ষণ টেকেন নি ফুডাডিন (২৮) ও নরসিং দেওনারায়ণ (৭)।
১ উইকেটে ৯০ থেকে অতিথিদের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৫২ রান।
ষষ্ঠ উইকেটে রামদিনের সঙ্গে মারলন স্যামুয়েলসের (৭৬) ৫৬ রানের জুটি ধাক্কা সামাল দিয়ে ভালো অবস্থানের দিকে নিয়ে আসে দলকে। টিম ব্রেসন্যানের বলে স্যামুয়েলস এলবিডব্লিউর ফাঁদে পড়লে খেলায় ফিরে স্বাগতিকরা।
ইংল্যান্ড সফরে ব্যাট হাতে বেশ সফল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামি (১৬) ও সুনীল নারায়ণের (১১) দ্রুত বিদায় দলের বিপদ বাড়ায় আরো।
ইংল্যান্ডের পক্ষে গ্রাহাম অনিয়ন্স ও ব্রেসন্যান তিনটি করে উইকেট নেন।
প্রথম দুই টেস্ট জিতে এরই মধ্যে সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ২৮০/৮ (বারাথ ৪১, পাওয়েল ২৪, ফুডাডিন ২৮, ব্রাভো ৬, স্যামুয়েলস ৭৬, দিওনারায়ণ ৭, রামদিন ৬০*, সুনীল ১১, রামপল ২*; অনিয়ন্স ৩/৫৬, ব্রেসন্যান ৩/৭৪, ফিন ২/৬৫)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৫২ ঘ.
bdnews24