২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাইম ব্যাঙ্ক-ভিক্টোরিয়ার অলিখিত ‘ফাইনাল’

শুক্রবার ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের সুপার লিগের শেষ দিনে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাব ও দ্বিতীয় স্থানে থাকা ভিক্টোরিয়া। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচটি হয়ে উঠেছে লিগের অলিখিত ‘ফাইনাল’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2012, 04:27 PM

Updated : 24 Aug 2022, 11:30 AM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শুক্রবার ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের সুপার লিগের শেষ দিনে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাব ও দ্বিতীয় স্থানে থাকা ভিক্টোরিয়া। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচটি হয়ে উঠেছে লিগের অলিখিত ‘ফাইনাল’। শুক্রবারের অন্য দুই ম্যাচের একটিতে বিকেএসপির দুই নম্বর মাঠে শেখ জামাল ধানমন্ডি ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ লিগ জমিয়ে দেয়া গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন আবাহনী ও রানার্সআপ মোহামেডানের লড়াই অবশ্য শুধুই মর্যাদার। আগের ম্যাচেই চ্যাম্পিয়ন হয়ে যেতে পারতো প্রাইম ব্যাঙ্ক। কিন্তু ভালো অবস্থায় থেকেও গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সের কাছে হেরে যাওয়ায় অনিশ্চয়তার সামনে তারা। প্রাইম ব্যাঙ্কের কোচ খালেদ মাহমুদ সুজন বলেন, “ভিক্টোরিয়ার সঙ্গে আমাদের শেষ ম্যাচটি অলিখিত ফাইনালে পরিণিত হয়েছে। তবে ভিক্টোরিয়াকে হারিয়ে তৃতীয় বারের মতো শিরোপা জেতার সামর্থ্য আমাদের আছে।” স্পিন নির্ভর বোলিং আক্রমণ আর অলরাউন্ডারদেরই দলের সবচেয়ে বড় শক্তি বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। তিনি বলেন, “আমাদের দলের সবাই কম-বেশি অবদান রাখছে। তাই মাঝারি মানের দল গড়েও আমরা ভালো করেছি।” লিগের প্রথম পর্বে ভিক্টোরিয়ার কাছে হারের তিক্ত স্মৃতি এখনো ভুলতে পারেননি সুজন। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও আক্রমণাত্মক উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের কারণে প্রতিপক্ষকে নির্দ্বিধায় কঠিন প্রতিপক্ষ মেনে নিয়ে তিনি বলেন, “কাগজে-কলমে ভিক্টোরিয়া আমাদের চেয়ে বেশ এগিয়ে।” “আমরা নিয়মিত অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে পাচ্ছি না। ইংল্যান্ড থেকে তিনি এখনো ফেরেননি। সর্বশেষ তিন ম্যাচে আমরা তার অনুপস্থিতি অনুভব করেছি,” যোগ করেন তিনি। অন্যদিকে শিরোপার জন্য অধিনায়ক সাকিব ও তামিমের দিকেই তাকিয়ে ভিক্টোরিয়া। সাকিব অবশ্য তা মনে করেন না। তিনি বলেন, “জিততে হলে সবাইকে অবদান রাখতে হবে। এ ধরনের কঠিন পরিস্থিতিতে যে কেউ নায়ক হয়ে উঠতে পারে।” “অধিনায়ক হিসেবে অবশ্যই দলের জয়ে অবদান রাখার চেষ্টা করবো। চ্যাম্পিয়ন হওয়ার জন্য ব্যাটিং- বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই ভালো করতে হবে,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৫২ঘ.