ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শনিবার রাতে ঢাকার মাটিতে পা রাখা রিচার্ড পাইবাস বাংলাদেশের কোচ হিসেবে তার প্রথম সংবাদ সম্মেলন করলেন সোমবার। আর আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দিলেন, তিন ধরনের ক্রিকেটেই বাংলাদেশ দলকে যত দূর সম্ভব এগিয়ে নেয়াই তার লক্ষ্য।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি বলেন, “সব ফরম্যাটে বাংলাদেশের উন্নতি দেখতে চাই। সেজন্য অবশ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন।”
“আমি চাই আইসিসি র্যাঙ্কিংয়ে জাতীয় দলের উন্নতি। জাতীয় দল তো বটেই, বয়সভিত্তিক দলগুলোর মধ্যেও যথেষ্ট প্রতিযোগিতা দেখতে চাই,” যোগ করেন তিনি।
লক্ষ্য ঠিক করে কার্যকর পরিকল্পনা নিয়ে এগোতে চান পাইবাস। টেস্ট মর্যাদা পাওয়ার পর প্রায় এক যুগ কেটে গেলেও টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রাপ্তি হতাশাজনক। তবে তা নিয়ে চিন্তিত নন বাংলাদেশের নতুন কোচ। টেস্ট বা টি-টোয়েন্টি যা-ই খেলুক না কেন, সব কিছুর জন্যই ক্রিকেটারদের প্রস্তুত রাখতে চান পাইবাস।
বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে তার ধারণাও বেশ ভালো। এশিয়া কাপের সাফল্য আর বাংলাদেশের ক্রিকেটের অবকাঠামো সম্পর্কে তিনি বলেন, “বেশ কিছু দিন ধরেই বাংলাদেশ দারুণ খেলছে। সামনের কয়েক মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপসহ বেশ কিছু ম্যাচ রয়েছে। আগামীতেও এই ধারাবহিকতা ধরে রাখতে হবে।”
“বাংলাদেশ দলে প্রতিভার অভাব নেই। তরুণ খেলোয়াড়দের সঙ্গে কাজ করে তাদের উন্নতির ব্যাপারটি দেখতে হবে। সবাইকে একটি দল হিসেবে খেলাতে হবে আর সবার সঙ্গে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক স্থাপন করতে হবে,” নিজের দায়িত্ব সম্পর্কে পাইবাসের অভিমত।
বাংলাদেশের বোলারদের নিয়ে তিনি উচ্ছ্বসিত। পাইবাস বলেন, “জাতীয় দল ও জাতীয় দলে সুযোগের অপেক্ষায় থাকা বেশ কয়েক জন ভালো পেসার আছে। স্পিনারদের কথাও বলতে হবে। আমার তো মনে হয় স্পিনারদের অনেকেই বিশ্ব মানের।”
উপমহাদেশে আগেও কাজ করেছিলেন পাইবাস। দুই দফা পাকিস্তানের কোচ ছিলেন তিনি। সেই অভিজ্ঞতা এবার কাজে আসবে কিনা জানতে চাইলে তিনি বলেন, “উপমহাদেশ আমার পরিচিত। উপমহাদেশের দেশগুলোর মধ্যে বেশ মিল রয়েছে। এখানকার ক্রিকেট সংস্কৃতির সঙ্গে আমি পরিচিত।”
সংবাদ সম্মেলনে পাইবাসের প্রতি মুগ্ধতাই ঝরে পড়লো বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামালের কণ্ঠে। তিনি বলেন, “পাইবাসের ক্যারিয়ার দারুণ আলোকিত। উপমহাদেশও তার পরিচিত। ক্রিকেট নিয়ে এখানকার মানুষের উন্মাদনা সম্পর্কে তার স্পষ্ট ধারণা রয়েছে।”
“তিনি খেলোয়াড়দের দেখবেন, তাদের সম্পর্কে ধারণা দেবেন। এর পর লক্ষ্য ঠিক করে দেবেন। সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তার যা যা দরকার সে ব্যাপারে বিসিবি সব ধরনের সহায়তা দেবে,” যোগ করেন বিসিবি সভাপতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১১৭ঘ.
bdnews24