ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের সুপার লিগের জন্য জাতীয় দলের ব্যাটসম্যানদের জিম্বাবুয়ে সফরের প্রস্তুতি ক্যাম্পে পাচ্ছেন না রিচার্ড পাইবাস। তাই বোলারদের সঙ্গেই ব্যস্ত সময় কাটাচ্ছেন জাতীয় দলের নতুন কোচ।
সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে তিন পেসার মাশরাফি বিন মর্তুজা, নাজমুল হোসেন ও শফিউল ইসলাম এবং বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকের স্কিল অনুশীলন করান পাইবাস। এই চার জনের দলই সুপার লিগে উঠতে পারেনি।
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের বোলারদের সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠতে পারে ‘ইয়র্কার’ ও ‘স্লোয়ার’। অনুশীলন শেষে অভিজ্ঞ স্পিনার রাজ্জাকের কথায় সেই আভাসই পাওয়া গেলো।
তিনি জানান, “আজ (সোমবার) বোলিং নিয়ে কাজ হয়েছে। আমরা স্টাম্পের ওপরে ও বাইরে ইয়র্কার নিয়ে কাজ করেছি। এছাড়া গতি-বৈচিত্র্য নিয়েও কাজ হয়েছে।”
মাত্র দুই দিন অনুশীলন করে নতুন কোচকে মূল্যায়ন করতে রাজি নন রাজ্জাক। তিনি বলেন, “এতো কম সময়ে কারো সম্পর্কে ভালো বা মন্দ বলা সম্ভব নয়। আমরা আগে কখনো তার সঙ্গে কাজ করিনি। তাকে বুঝতে আরো সময় লাগবে।”
জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিতে ১২ জুন ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। প্রিমিয়ার লিগ চলবে ৮ জুন পর্যন্ত। তার আগে সব খেলোয়াড়কে সেভাবে অনুশীলন ক্যাম্পে পাওয়া যাবে না।
সফরে এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা জানতে চাইলে রাজ্জাক বলেন, “সফরে প্রতিপক্ষের চেয়ে নিজেদের নিয়েই বেশি ভাবছি আমরা।”
“প্রিমিয়ার লিগ চলার কারণে পুরো দল এক সঙ্গে অনুশীলন করতে পারেনি। তবে সেজন্য জিম্বাবুয়েতে কোনো সমস্যা হবে বলে মনে হয় না,” যোগ করেন তিনি।
জিম্বাবুয়েতে সর্বশেষ সফরটি ভালো হয়নি বাংলাদেশের। টেস্ট ও ওয়ানডে সিরিজ হেরে দেশে ফিরতে হয়েছিলো সাকিব আল হাসানের নেতৃত্বাধীন জাতীয় দলকে। যে ব্যর্থতার মাশুল দিয়ে অধিনায়কত্বও হারিয়েছিলেন সাকিব।
তবে এবার তেমন কোনো ‘দুর্ঘটনা’ হবে না বলেই রাজ্জাকের বিশ্বাস। তিনি বলেন, “সেই সফরে আমাদের কী কী সমস্যা ছিলো তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। আশা করি এবার তেমন কিছু হবে না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৪৭ঘ.
bdnews24