ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুমতি পেলে আগামী বছরের ১৭ জানুয়ারি মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসর।
সোমবার বিপিএলের অফিসিয়াল টুইটার বার্তায় টুর্নামেন্ট শুরুর এই তারিখ জানানো হয়।
বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বিডিনিউজকে বলেন, “আগামী জানুয়ারির মাঝামাঝি সময়ে বিপিএলের দ্বিতীয় আসরের খেলা শুরু করতে চাই।”
“বিপিএলের গর্ভনিং কাউন্সিল এই সময়টিকে সবচেয়ে উপযুক্ত মনে করেছে। এটা এখনো প্রস্তাব আকারে রয়েছে। এ ব্যাপারে বিসিবির অনুমোদন প্রয়োজন হবে,” যোগ করেন তিনি।
গত ফেব্রুয়ারিতে ঢাকা ও চট্টগ্রামে বিপিএলের প্রথম আসর বসে। ছয় দলের লড়াইয়ে শিরোপা জিতে নেয় মাশরাফি বিন মর্তুজার দল ঢাকা গ্ল্যাডিয়েটর্স।
আলমগীর জানান, প্রথম আসরের ভুল-ত্রুটির পুনরাবৃত্তি রোধে আগে থেকেই দ্বিতীয় আসরের প্রস্তুতি শুরু করা হচ্ছে।
“প্রথম আসরে যে সব ভুল হয়েছে সেগুলো এবার কাটিয়ে উঠতে চাই। এ কারণে জুন মাস থেকেই দ্বিতীয় আসরের প্রস্তুতি শুরু করার সিদ্ধান্ত হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/জেকে/১৪৩০ ঘ.
bdnews24