২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দিনেই সক্রিয় পাইবাস

ঢাকায় এসেছেন শনিবার রাতে। তারপর একদমই সময় নষ্ট করেননি রিচার্ড পাইবাস। রোববার সকালেই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে ক্রিকেটারদের প্রস্তুতি ক্যাম্পে উপস্থিত হয়েছেন বাংলাদেশের নতুন কোচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2012, 02:08 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকায় এসেছেন শনিবার রাতে। তারপর একদমই সময় নষ্ট করেননি রিচার্ড পাইবাস। রোববার সকালেই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে ক্রিকেটারদের প্রস্তুতি ক্যাম্পে উপস্থিত হয়েছেন বাংলাদেশের নতুন কোচ। অবশ্য প্রিমিয়ার ক্রিকেট লিগের কারণে জাতীয় দলের অনেকের সঙ্গেই দেখা হয়নি পাইবাসের। ক্যাম্পে ছিলেন শুধু মাশরাফি বিন মর্তুজা, জুনায়েদ সিদ্দিক, আব্দুর রাজ্জাক, নাজমুল হোসেন আর শফিউল ইসলাম। অনুশীলনের শেষ দিকে উপস্থিত হন জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম। অনুশীলন শেষে মাশরাফি বলেন, “আশা করি নতুন কোচ আমাদের ভুলগুলো ধরিয়ে দেবেন এবং তা শোধরানোর পথ বাতলে দেবেন।” “আরো উন্নতি করার জন্য তিনি নতুন পরিকল্পনা হাতে নেবেন। আর সেই পরিকল্পনা বাস্তবায়নে কী-কী করণীয় তা-ও জানাবেন,” যোগ করেন তিনি। নতুন কোচ সম্পর্কে জানতে চাইলে মাশরাফি বলেন, “এক দিনে তো একজন মানুষকে চেনা সম্ভব নয়। সেজন্য বেশ সময় লাগবে।” অন্যদিকে জাতীয় দলে ফেরা জুনায়েদ জিম্বাবুয়েতে ভালো করার ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, “অনেক দিন পর দলে ফিরেছি। আমার ওপরে রাখা নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে চাই।” মুশফিক-মাশরাফিদের পর নির্বাচকদের সঙ্গে দেখা করেন পাইবাস। নতুন কোচের সঙ্গে দেখা হওয়ার পর প্রধান নির্বাচক আকরাম খান বলেন, “বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে তার ভালো ধারণা আছে। আমাদের ‘ব্যাকআপ’ ক্রিকেটার সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। আমি তাকে বলেছি, এ নিয়ে চিন্তার কিছু নেই। আমাদের ‘এ’ দল, অ্যাকাডেমি ও অনূর্ধ্ব-১৯ দল রয়েছে। সেখান থেকেই নতুন ক্রিকেটাররা উঠে আসেন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০০১ঘ.