ঢাকা, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মোহাম্মদ আশরাফুল জানিয়েছেন, আগামী ৮ জুন দেশে ফিরবেন তিনি। কেন্ট লিগে খেলার জন্য বর্তমানে ইংল্যান্ডে আছেন জাতীয় দলে ফেরা আশরাফুল।
১৮ জুন থেকে জিম্বাবুয়েতে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের দলে ডাক পেয়েছেন আশরাফুল। গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ জাতীয় দলে খেলেছিলেন তিনি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ভালো খেলার পর ইংল্যান্ডেও রানের মধ্যে আছেন আশরাফুল। জাতীয় দলে ফেরার সুখবর পেয়ে তিনি বলেন, “জাতীয় দলে ফিরতে পেরে ভালো লাগছে। বিপিএলে ভালো করার জন্যই হয়তো টি-টোয়েন্টি টুর্নামেন্টে ডাক পেয়েছি।”
“৬ জুন পর্যন্ত খেলা আছে আমার। ৮ জুন দেশে ফিরে ক্যাম্পে যোগ দেবো,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৩৬ঘ.
bdnews24