২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখন থেকে পিটারসেন শুধুই টেস্ট ক্রিকেটার

আন্তর্জাতিক ক্রিকেটে আর সীমিত ওভারের ম্যাচ খেলবেন না কেভিন পিটারসেন। এখন থেকে শুধু টেস্ট ক্রিকেটে খেলবেন তিনি। বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের ডানহাতি ব্যাটসম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2012, 02:53 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেটে আর সীমিত ওভারের ম্যাচ খেলবেন না কেভিন পিটারসেন। এখন থেকে শুধু টেস্ট ক্রিকেটে খেলবেন তিনি। বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের ডানহাতি ব্যাটসম্যান। ২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত পিটারসেন ১২৭টি ওয়ানডে ও ৩৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ওয়ানডেতে ৪১.৮৪ গড়ে তার রান ৪১৮৪। আর টি-টোয়েন্টিতে ৩৭.৯৩ গড়ে ১১৭৬ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের পক্ষে এক হাজারের বেশি রান করা একমাত্র ব্যাটসম্যান তিনি। এক বিবৃতিতে ৩১ বছর বয়সী পিটারসেন বলেন, “আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচী এবং নিজের শরীরের কথা বিবেচনা করে আমার মনে হয়েছে (সীমিত ওভারের ক্রিকেট থেকে) সরে দাঁড়ানোর এটাই সঠিক সময়। এর ফলে ২০১৫ সালের বিশ্বকাপের আগে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে নতুন প্রজন্ম।” “ওয়ানডেতে নিজের অর্জন নিয়ে আমি গর্বিত। আশা করি ইংল্যান্ডের টেস্ট দলে আমাকে বিবেচনা করা হবে,” যোগ করেন তিনি। আপাতত শুধু ওয়ানডে থেকে অবসর নিতে চেয়েছিলেন পিটারসেন। কিন্তু ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিয়মের কারণে তা সম্ভব হয়নি। ইসিবির নিয়মানুযায়ী ওয়ানডে বা টি-টোয়েন্টির যে কোনো একটি থেকে কেউ অবসর নিলে অন্যটিও খেলার সুযোগ থাকে না। তবে পিটারসেন জানিয়েছেন, আইপিএল থেকে এখনই অবসর নেয়ার পরিকল্পনা তার নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৫২ঘ.