২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপা জিততে মরিয়া সাকিব

প্রিমিয়ার ক্রিকেট লিগে আবাহনীকে হারিয়ে শুধু প্রতিশোধই নেয়নি ভিক্টোরিয়া, শিরোপা লড়াইও জমিয়ে তুলেছে। ম্যাচশেষে ভিক্টোরিয়ার অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, শিরোপা জিততে তিনি মরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2012, 02:02 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রিমিয়ার ক্রিকেট লিগে আবাহনীকে হারিয়ে শুধু প্রতিশোধই নেয়নি ভিক্টোরিয়া, শিরোপা লড়াইও জমিয়ে তুলেছে। ম্যাচশেষে ভিক্টোরিয়ার অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, শিরোপা জিততে তিনি মরিয়া। সদ্য আইপিএল জিতে এলেও বর্ণাঢ্য ক্যারিয়ারে কখনো প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের স্বাদ পাননি সাকিব। এবার সেই আক্ষেপ ঘোচাতে চান তিনি। বৃহস্পতিবার ম্যাচ শেষে বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, “কখনো প্রিমিয়ার ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হইনি। এতো কাছাকাছি এসে শিরোপা জিততে না পারলে খুব খারাপ লাগবে।” ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ভিক্টোরিয়া আছে লিগের দ্বিতীয় স্থানে। সমান ম্যাচে ২০ পয়েন্ট সংগ্রহ করা প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাব সবার ওপরে। এমনিতে টানা খেলার মধ্যে আছেন সাকিব। বিশ্রাম নেয়ার তেমন সুযোগই পাচ্ছেন না। তবে যেহেতু পেশাদার ক্রিকেটার তাই যে কোনো সময় মাঠে নামতে তার আপত্তি নেই। এ প্রসঙ্গে তিনি বলেন, “দিনক্ষণ না জানলেও জানতাম প্রিমিয়ার লিগ শুরু হবে। তাই আইপিএল শেষ হওয়ার সঙ্গে-সঙ্গেই ঢাকায় চলে এসেছি।” “এখন অন্য কোনো খেলা নিয়ে ভাবছি না। যখন যে খেলা থাকে তখন কেবল সেটা নিয়েই ভাবি,” যোগ করেন সাকিব। মোহাম্মদ ইউসুফের বিতর্কিত নিবন্ধনের মতো ব্যাপারগুলো আলোচনায় বেশি না আসাই উচিৎ বলে মনে করেন সাকিব। তিনি বলেন, “আমাদের ক্রিকেটের জন্য যা ভালো নয় তা নিয়ে আলোচনা না করাই ভালো। আমরা আবারো ক্রিকেটে ফিরেছি। আর সেটাই বড় ব্যাপার।” “যে খেলোয়াড়কে নিয়ে এত ঝামেলা তার নিবন্ধন না হয়ে থাকলে অন্য কাউকে খেলতে দেয়া উচিৎ। কারণ তার জায়গাটা খালি আর তার জায়গায় অন্য কারো নিবন্ধন হতেই পারে। টাকা দিয়ে একজনকে নিয়ে এসে তাকে খেলাতে না পারলে সেই দলকে আর্থিক ক্ষতির সামনে পড়তে হয় । সিসিডিএমের এই ব্যাপারগুলো তাড়াতাড়ি সমাধান করা উচিত,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০০০ঘ.