২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএল ভালোই কেটেছে: সাকিব

লক্ষ্য ছিলো সবগুলো ম্যাচ খেলার। তা পূরণ না হলেও আইপিএলে নিজের দ্বিতীয় বছরটি ভালোই কেটেছে বলে মনে করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2012, 02:00 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লক্ষ্য ছিলো সবগুলো ম্যাচ খেলার। তা পূরণ না হলেও আইপিএলে নিজের দ্বিতীয় বছরটি ভালোই কেটেছে বলে মনে করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল শিরোপা জিতিয়ে বুধবার সকাল আটটায় দেশে ফিরে সাকিব বলেন, “আইপিএলে আমার তেমন কোনো ব্যক্তিগত লক্ষ্য ছিলো না। শুধু লক্ষ্য ছিলো কলকাতা নাইট রাইডার্সের হয়ে সবগুলো ম্যাচ খেলার। সেটা হলে ভালো লাগতো।” “তারপরও সময়টা খারাপ কাটেনি। দল হিসেবে আমাদের লক্ষ্য ছিলো শিরোপা জেতা। লক্ষ্য পূরণ হওয়ায় খুবই ভালো লাগছে,” যোগ করেন এই বাঁহাতি অলরাউন্ডার। আইপিএলে নিজের পারফরম্যান্সে সাকিব অবশ্য সন্তুষ্ট। তিনি বলেন, “আরো বেশি রান পেলে ভালো লাগতো। তবে সব মিলিয়ে আমি সন্তুষ্টই।” শিরোপা জয়ী কলকাতা নাইট রাইডার্সের সংবর্ধনা প্রসঙ্গে সাকিব বলেন, “খুবই ভালো লেগেছে। শিরোপাটা কলকাতার জন্য যেমন গর্বের বিষয়, তেমনি আমরা যারা কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছি তাদের জন্যও।” ব্যস্ত সূচীর ফাঁকে একটু বিশ্রামের পরিকল্পনা ছিলো সাকিবের। কিন্তু বিশ্রাম পাচ্ছেন না তিনি। জাতীয় দলের খেলা তো আছেই, প্রিমিয়ার লিগেও চারটি ম্যাচ খেলতে হবে তাকে। তবে এবার আর ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলবেন না সাকিব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৫৭ঘ.