ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে দেয়া পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও সাধারণ মানুষের সংবর্ধনায় অভিভূত সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার জানিয়েছেন, এই ভালবাসার কথা আজীবন মনে থাকবে তার।
মঙ্গলবার সংবর্ধনা শেষে টুইটারে সাকিব লিখেছেন, “অবশেষে বাড়ি ফিরছি...কলকাতায় আজ দারুণ একটা দিন কাটালাম। কী অসাধারণ উদযাপন! এই বিশেষ ঘটনাটি আজীবন মনে রাখবো।”
পশ্চিমবঙ্গ সরকারের সদর দপ্তর রাইটার্স বিল্ডিংসের সামনে তৈরি করা মঞ্চে সংবর্ধনা দেয়া হয় সাকিব ও তার সতীর্থদের।
আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে শাল, ফুলের মালা ও মিষ্টি দিয়ে বরণ করে নেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং তার মন্ত্রীসভার সদস্যরা।
এ সময় ড্রামের তালে-তালে নেচে-গেয়ে উল্লাসে ফেটে পড়ে হাজারো মানুষ। সাদর অভ্যর্থনা ও হৃদয় নিংড়ানো সমর্থনের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান ও অধিনায়ক গৌতম গম্ভীর।
সংবর্ধনা অনুষ্ঠানে মমতা বলেন, “কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গে কলকাতা জড়িয়ে আছে। আইপিএল জয়ী খেলোয়াড়দের আমাদের শহরে স্বাগতম।”
ইডেন গার্ডেন্সে ভক্তদের সঙ্গে আরেক দফা উৎসব করার আগে বাস নিয়ে ৬ কিলোমিটার দীর্ঘ র্যালি করে আইপিএলের নতুন চ্যাম্পিয়নরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০০১ঘ.
bdnews24