২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৯ উইকেটে জিতল ইংল্যান্ড

ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়ে চার দিনেই ট্রেন্টব্রিজ টেস্ট জিতে নিয়েছে ইংল্যান্ড। এই জয়ের ফলে ৩ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পাশাপাশি উইজডেন ট্রফি ধরে রাখলো ইংল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2012, 04:46 PM

Updated : 24 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়ে চার দিনেই ট্রেন্টব্রিজ টেস্ট জিতে নিয়েছে ইংল্যান্ড। এই জয়ের ফলে ৩ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পাশাপাশি উইজডেন ট্রফি ধরে রাখলো ইংল্যান্ড। দেশের মাটিতে এটি ইংল্যান্ডের টানা সপ্তম সিরিজ জয়। এই জয়ের ফলে দক্ষিণ আফ্রিকা সফরের আগ পর্যন্ত টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষেই থাকছে ইংল্যান্ড। ৭ জুন থেকে বার্মিংহামে তৃতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে দুদল। দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন মারলন স্যামুয়েলসের অপরাজিত অর্ধশতকের সুবাদে জয়ের জন্য চতুর্থ ইনিংসে ইংল্যান্ডকে ১০৮ রানের লক্ষ্য দেয় ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের (৪৫) সঙ্গে অ্যালিস্টার কুকের ৮৯ রানের উদ্বোধনী জুটি স্বাগতিকদের সহজ জয়ের ভিত গড়ে দেয়। বাকি কাজটুকু জোনাথন ট্রটকে (১৭*) নিয়ে সহজেই সারেন কুক। শেষ পর্যন্ত ৪৩ রানে অপরাজিত থাকেন তিনি। কুকের ৮৬ বলের ইনিংসে ৩টি চার। এর আগে ৬ উইকেটে ৬১ রান নিয়ে দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। সপ্তম উইকেটে অধিনায়ক ড্যারেন স্যামির (২৫) সঙ্গে ৪৯ ও অষ্টম উইকেটে কেমার রোচের (১৪) সঙ্গে ২৯ রানের দুটি ছোট জুটি গড়ে ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন স্যামুয়েলস। শেষ দুই ব্যাটসম্যান শেন শিলিংফোর্ড ও ও রবি রামপল রানের খাতা না খুললেও তাদের সঙ্গে ছোট দুই জুটি গড়ে স্বাগতিকদের জয়ের জন্য একশর বেশি লক্ষ্য ছুড়ে দেন স্যামুয়েলস। শেষ পর্যন্ত ৭৬ রানে অপরাজিত থাকেন তিনি। স্যামুয়েলসের ১৬০ বলের ইনিংসটি ৯টি চার ও ২টি ছক্কায় সাজানো। ইংল্যান্ডের পক্ষে জেমস অ্যান্ডারসন ও টিম ব্রেসন্যান ৪টি করে উইকেট নেন। সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ: ৩৭০ ও ১৬৫ (বারাথ ৭, পাওয়েল ১, ব্রাভো ২২, চন্দরপল ১১, স্যামুয়েলস ৭৬*, রামদিন ৬, কার্ক ০, স্যামি ২৫, রোচ ১৪, শিলিংফোর্ড ০, রামপল ০; ব্রেসন্যান ৪/৩৭, অ্যান্ডারসন ৪/৪৩, সোয়ান ১/২৪, ব্রড ১/৫৮) ইংল্যান্ড: ৪২৮ ও ১১১/১ (স্ট্রাউস ৪৫, কুক ৪৩*, ট্রট ১৭*; স্যামুলেয়স ১/১৮) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২১৯ ঘ.