২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়েতে সাফল্যের ব্যাপারে আত্মবিশ্বাসী মিনহাজুল

দেশের মাটিতে জিম্বাবুয়েকে শক্তিশালী দল হিসেবে নির্দ্বিধায় মেনে নিচ্ছেন তিনি। তবে আগামী মাসে জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে স্বাগতিকদের চেয়ে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন অন্যতম নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2012, 01:22 PM

Updated : 24 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশের মাটিতে জিম্বাবুয়েকে শক্তিশালী দল হিসেবে নির্দ্বিধায় মেনে নিচ্ছেন তিনি। তবে আগামী মাসে জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে স্বাগতিকদের চেয়ে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন অন্যতম নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। গত বছর জিম্বাবুয়ে সফরে টেস্ট-ওয়ানডে দুটো সিরিজেই হার মেনেছিলো বাংলাদেশ। তবে আগামী ১৬ জুন থেকে শুরু হতে যাওয়া প্রতিযোগিতাটিতে (তৃতীয় দল দক্ষিণ আফ্রিকা) তার কোনো প্রভাব পড়বে না বলেই মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল। তিনি বলেন, “এশিয়া কাপ শেষে লম্বা বিরতির পর মাঠে ফিরেছে বাংলাদেশ দল। এশিয়া কাপে ভালো করায় ক্রিকেটাররা সবাই আত্মবিশ্বাসী। এই আত্মবিশ্বাস জিম্বাবুয়েতে ভালো করার অনুপ্রেরণা যোগাবে।” “দেশের মাটিতে জিম্বাবুয়ে শক্তিশালী দল। তবু এই টুর্নামেন্টে আমরাই ওদের চেয়ে এগিয়ে থাকবো। ওদের চেয়ে ভালো খেলার সংকল্প নিয়েই আমরা জিম্বাবুয়ে যাচ্ছি,” যোগ করেন তিনি। তবে মাশরাফি বিন মর্তুজার ধারণা, জিম্বাবুয়ের আবহাওয়া বাংলাদেশের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে। রোববার অনুশীলন শেষে দেশসেরা পেসার বলেন, “জিম্বাবুয়েতে শক্ত পরীক্ষার সামনে পড়তে হতে পারে আমাদের। প্রধান সমস্যা হতে পারে আবহাওয়া। এখন বাংলাদেশে প্রচণ্ড গরম। অথচ জিম্বাবুয়েতে বেশ ঠাণ্ডা। সেখানে গিয়ে আবহাওয়ার সঙ্গে দ্রুত মানিয়ে নেয়ার চেষ্টা করতে হবে আমাদের।” জিম্বাবুয়ে সফরের প্রস্তুতি হিসেবে গত ২০ মে থেকে শুরু হয়েছে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প। রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোর ও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি মাঠে ব্যাটিং ও বোলিং অনুশীলন করেন ক্রিকেটাররা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯১৭ঘ.