ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চেন্নাই সুপার কিংসের হ্যাটট্রিক শিরোপার পথে শেষ বাধা সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। আর প্রথমবারের মতো ফাইনালে উঠেই শিরোপা জিততে চায় গৌতম গম্ভীরের দলটি।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ফাইনাল খেলা শুরু হবে।
আগের আসরগুলোয় ব্যর্থ কলকাতা এবারের প্রতিযোগিতায় একদমই অন্য চেহারায়। সাকিব, সুনীল নারায়ণ ও ইকবাল আব্দুল্লাহর উপস্থিতিতে দলটির স্পিন আক্রমণ খুবই শক্তিশালী। সত্যিকার অর্থে এটিই কলকাতার সবচেয়ে বড় শক্তি।
বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব নতুন বলেও শুরুতে উইকেট নিয়ে দলকে বাড়তি সুবিধা এনে দিচ্ছেন। ‘রহস্যময়’ সুনীলকে সঠিক সময়ে ব্যবহার করে অধিনায়ক গম্ভীর মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। তাদের সঙ্গে ইকবাল ও ইউসুফও যথেষ্ট কার্যকর ভূমিকা রাখছেন।
যদিও প্রথম পাঁচ খেলার তিনটিতেই হারা কলকাতার শুরুটা মোটেও ভালো হয়নি। সঠিক সমন্বয় খুঁজে পেতে বেশ সময় লেগেছে দলটির। সেই সমন্বয় পাওয়ার পর শেষ ১১ খেলায় মাত্র দুইটি হেরেছে দলটি।
হ্যামস্ট্রিং চোট কাটিয়ে ফিরছেন মনোজ তিওয়ারী। তাকে জায়গা দিতে গিয়ে লক্ষ্মী শুক্লা ও দেবব্রত পালের মধ্যে যে কোনো একজনকে বাদ পড়তে হতে পারে। গম্ভীরের জন্য বিপদ হয়ে দাঁড়াতে পারে লক্ষ্মীপতি বালাজির চোট। কোয়ালিফায়ার ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন তিনি। তিনি না খেললে কলকাতার কম্বিনেশনে বেশ পরিবর্তন আসতে পারে।
এদিকে ঠিক কখন এবং কীভাবে ঘুরে দাঁড়াতে হবে চেন্নাইয়ের চেয়ে আর কেউ তা ভালো জানে না। এবারও তার ব্যত্যয় ঘটেনি। অনেক যদি কিন্তুর হিসেব মিলিয়ে প্লে-অফে খেলার সুযোগ পায় চেন্নাই। এর পর এলিমিনেটর ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্স ও দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসকে স্রেফ উড়িয়ে দিয়েছে দলটি।
দিল্লির কাছে পাঞ্জাবের হার, পয়েন্ট টেবিলের তলানীর দল ডেকানের কাছে ব্যাঙ্গালোর ও রাজস্থানের হারে ভাগ্য খুলে গিয়েছিলো চেন্নাইর। শিরোপা ধরে রাখার শেষ সুযোগ পাওয়া যাবে কী না তা জানার জন্য পাঁচ দিন উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করতে হয়েছিলো দলটিকে।
প্রতিযোগিতায় চেন্নাইয়ের ব্যাটসম্যানরা শেষ দুই খেলার আগে সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি। তবে যথাসময়ে মুরালি বিজয় থেকে শুরু করে মাইক হাসি, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি, ডোয়াইন ব্রাভো ফিরেছেন সেরা ছন্দে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২০০২ ঘ.
bdnews24