২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবির সভায় অনেক সিদ্ধান্ত

বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, ওয়ানডে নয়, টি-টোয়েন্টি খেলার শর্তেই শুধু আয়ারল্যান্ড সফরে যেতে পারে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2012, 02:10 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জরুরী সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, ওয়ানডে নয়, টি-টোয়েন্টি খেলার শর্তেই শুধু আয়ারল্যান্ড সফরে যেতে পারে বাংলাদেশ। সভা শেষে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমরা এই ফরম্যাটকেই সবচেয়ে গুরুত্ব দিচ্ছি। বিশ্বকাপের ঠিক আগে আমরা ওয়ানডে খেলতে চাই না” “তিনটি বোর্ডকে ওয়ানডের বদলে টি-টোয়েন্টি খেলার প্রস্তাব দিয়েছি আমরা। তারা রাজি হলে আমরা শুধু টি-টোয়েন্টিই খেলবো,” যোগ করেন মুস্তফা কামাল। বিসিবি সভাপতি আরো বলেন, “বিশ্বকাপের ঠিক আগে ওয়ানডে খেললে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে। আমরা এরই মধ্যে ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার ব্যবস্থা করেছি। ম্যাচের সংখ্যা বাড়ানোর চেষ্টাও করছি।” এর আগে বিসিবির ক্রিকেট অপারেশন্স ইউরোপ সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩টি এবং নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের বিপক্ষে একটি করে ওয়ানডে খেলার সুপারিশ করেছিল। নিম্বাসের সঙ্গে গত এপ্রিলে বিসিবির চুক্তি শেষ হয়ে গেছে। তবে এখনও তাদের কাছ থেকে পাওনা আদায় করতে পারেনি বিসিবি। পাওনা আদায়ে আইনী ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, “নিম্বাসের সঙ্গে চুক্তি শেষ হয়েছে। পাওনা নিয়ে তাদের সঙ্গে আমাদের ঝামেলা হয়েছিলো। বোর্ড পর্যায়ে চিঠিপত্র দিয়ে আমরা সমস্যা সমাধানের চেষ্টা করেছিলাম। এবার আমরা আইনী প্রক্রিয়ায় পাওনা টাকা আদায়ের চেষ্টা করছি। সিঙ্গাপুরের আদালতে এরই মধ্যে একটি পিটিশন করা হয়েছে।” “২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত চার বছরের জন্য টেন্ডার আহ্বান করা হবে। ক্রিকেটের আইন কানুন জানেন, এ ধরনের বিষয় নিয়ে আগেও কাজ করেছেন এমন ব্যক্তিরা এবার বিষয়টি দেখবেন। আশা করি এবার আর কোনো রকম ভুল-ভ্রান্তি হবে না। এ ব্যাপারে বিসিবির সহ-সভাপতি আহমেদ সাজ্জাদুল আলম ববিকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে,” যোগ করেন মুস্তফা কামাল। বিসিবির আইনী দিকগুলো এখন থেকে দেখাশুনা করবেন আইসিসির সাবেক প্রধান আইন কর্মকর্তা ডেভিড বেকার। তবে নিম্বাসের কাছে কত টাকা পাওনা আছে সে সম্পর্কে কিছু বলতে রাজি হননি মুস্তফা কামাল। তবে সব টাকা শোধ করলে তারাও টেন্ডারে অংশ নিতে পারবে বলে জানিয়েছেন তিনি। বিসিবি সভাপতি বলেন, “১০ হাজার ডলার দিয়ে টেন্ডার কিনতে হবে। এবার কোনো ফ্লোর প্রাইস থাকছে না।” বিসিবি ঢাকা প্রিমিয়ার লিগের অবশিষ্ট ম্যাচগুলোর সূচী ঘোষণা করলেও মোহামেডান না খেলার হুমকি দিয়েছে। এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, “ছয় দলের সম্মতিতেই লিগ শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমি যত দূর জানি, মোহামেডান খেলবে। সিসিডিএম ভেঙ্গে দেয়ার দাবি ছিল তাদের। সে ব্যাপারে একটি সিদ্ধান্ত নেয়া হয়েছে। সদস্য সচিব হিসেবে ইকবাল ইউসুফ চৌধুরীর বদলে দায়িত্ব দেয়া হয়েছে আইনুল ইসলামকে।” বিসিবির জরুরি সভায় কোচ নিয়ে কোনো আলোচনা হয়নি জানিয়ে সংবাদ সম্মেলনে বিসিবির মিডিয়া কমিটির সভাপতি জালাল ইউনুস বলেন, “আমরা ৩/৪ দিনের মধ্যে রিচার্ড পাইবাসের কাছ থেকে জবাব আশা করছি।” “এছাড়া কয়েক জনের সঙ্গে আমাদের কথা চলছে। আমাদের সংক্ষিপ্ত তালিকায় মিক নিওয়েলের নাম আছে। তিনিও জাতীয় দলের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। আশা করি জিম্বাবুয়ে সফরের আগেই আমরা নতুন কোচ পেয়ে যাব,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০০৫ঘ.