ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শুক্রবার থেকে ট্রেন্টব্রিজে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে ক্রিস গেইল খেললে তা ক্রিকেটের জন্যই ‘দারুণ’ ব্যাপার হবে বলে মনে করেন কেভিন পিটারসেন।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে বিবাদে জড়িয়ে বিশ্বের অন্যতম আক্রমণাত্মক ব্যাটসম্যান গেইল এক বছরেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। তবে এ মাসের শুরুতে তিনি জানিয়েছেন, জাতীয় দলে ফেরার জন্য এ মৌসুমে ইংল্যান্ডের কাউন্টি দল সমারসেটের হয়ে খেলবেন না।
আইপিএলে কাছ থেকে গেইলের আক্রমণাত্মক ব্যাটিং দেখে এখন তার ভীষণ ভক্ত ইংল্যান্ডের অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যান পিটারসেন।
তিনি বলেন, “গেইল অনেক বড় তারকা এবং আমার অন্যতম ভালো বন্ধু। তার খেলা আমার ভীষণ ভালো লাগে।”
“দ্বিতীয় টেস্টে সে খেললে তা ক্রিকেটের জন্যই দারুণ হবে। তিনি একজন বিনোদনদায়ী ব্যাটসম্যান। দর্শকরা এ ধরনের ব্যাটসম্যানদের খেলা দেখতে চায়। তারা বল ঠেকানো দেখতে চায় না,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১০২ঘ.
bdnews24