ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহিলা ক্লাব ক্রিকেট লিগে বড় ব্যবধানে জিতেছে গুলশান ইয়ুথ ও বিকেএসপি। গুলশান ইয়ুথ ১৫৫ রানে ঢাকা নর্দার্ন উইমেন্স ক্রিকেট ক্লাব এবং বিকেএসপি ৮২ রানে দিপালী যুব সংঘকে হারিয়েছে।
গুলশান ইয়ুথ-ঢাকা নর্দার্ন
বিকেএসপির দুই নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৩৪ রান করে গুলশান ইয়ুথ। সর্বোচ্চ ৪১ রান করেন সানজিদা। অধিনায়ক লতার ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান।
এছাড়া পূজা দাস ২৯, শারমীন ২৯, রেশমা আক্তার ২৬ ও তিথি রানী ২১ রান করেন।
ঢাকা নর্দার্নের পক্ষে হালিমা আক্তার ও ফারজানা দুটি করে উইকেট নেন।
জবাবে ২৫ ওভার ২ বলে ৭৯ রানেই অলআউট হয়ে যায় ঢাকা নর্দার্ন। সর্বোচ্চ ২৫ রান করেন সাবিনা খাতুন। এছাড়া অধিনায়ক তাসলিমা আক্তার ১৩ ও কামরুন নাহার ১০ রান করেন।
গুলশান ইয়ুথের পক্ষে শারমীন ও ইয়ামিন রূপা দুটি করে উইকেট নেন।
বিকেএসপি-দিপালী যুব সংঘ
বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২০৭ রান করে বিকেএসপি।
চতুর্থ উইকেটে অধিনায়ক শারমীন ও নুজহাতের ১০৪ রানের জুটি লড়াই করার মতো সংগ্রহ এনে দেয় বিকেএসপিকে। ৬৬ বল স্থায়ী নুজহাতের ৫৩ রানের ইনিংসে ৩টি চার।
মাত্র ২ রানের জন্য শতকের দেখা পাননি শারমীন। ১১০ বলে খেলা তার অপরাজিত ৯৮ রানের অধিনায়কোচিত ইনিংসটি ৬টি চারে সাজানো।
দিপালীর পক্ষে ৩৭ রানে ২ উইকেট নেন আশা।
জবাবে ৮ উইকেটে ১২৫ রানেই থেমে যায় দিপালীর ইনিংস। সর্বোচ্চ ৩০ রান করেন সুমনা। এছাড়া আশা ১৯ ও নাজিরা আক্তার ১৪ রান করেন।
বিকেএসপির পক্ষে একা মলি¬ক ও ডলি রানী দুটি করে উইকেট নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯১০ঘ.
bdnews24