২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধারাবাহিকতা ধরে রাখতে চান মুশফিক

এশিয়া কাপে সাফল্যের পর এবার বাংলাদেশের সামনে ‘মিশন জিম্বাবুয়ে’। আগামী মাসে জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টেও ভালো করার ব্যাপারে আশাবাদী জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম। জানাচ্ছেন অনীক মিশকাত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2012, 12:51 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

অনীক মিশকাত ক্রীড়া প্রতিবেদক ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত মার্চে একটুর জন্য এশিয়া কাপের শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। তবু এশিয়ার সেরা ক্রিকেট টুর্নামেন্টে নিজেদের অর্জন নিয়ে তৃপ্ত মুশফিকুর রহিম। অনুপ্রাণিত জাতীয় দলের অধিনায়ক জিম্বাবুয়ে সফরেও সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চান। আগামী মাসে জিম্বাবুয়েতে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। প্রতিযোগিতার তৃতীয় দল দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ দল রওনা দেবে ১৪ জুন। ১৮ জুন উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক জিম্বাবুয়ে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে বুধবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন মুশফিক। অনুশীলন শেষে তিনি বলেন, “জিম্বাবুয়ে সফরে এশিয়া কাপের সাফল্য ধরে রাখতে চাই। এশিয়া কাপের পর সবাই বুঝতে পারছে তাদের কাছে কতটা প্রত্যাশা।” “আজকে অনুশীলনের আগে টিম মিটিং হয়েছে। সেখানে প্রত্যেক খেলোয়াড়কে তার ঘাটতি এবং তাকে কী কী করতে হবে সে সম্পর্কে বলা হয়েছে,” যোগ করেন তিনি। ওয়ানডেতে বাংলাদেশের সাফল্যের হার ভালোই। কিন্তু টি-টোয়েন্টিতে পারফরম্যান্স মোটেই আশানুরূপ নয়। তবে আগামীতে ২০ ওভারের ক্রিকেটেও ভালো করার ব্যাপারে আশাবাদী মুশফিক। তিনি বলেন, “টি-টোয়েন্টি ক্রিকেটে আমরা কখনোই ধারাবাহিকভাবে ভালো খেলি না। তবে এখানেও আমাদের ধারাবাহিক হতে হবে। নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে টি-টোয়েন্টিতেও আমরা প্রতিপক্ষের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবো।” “টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমাদের কোনো আন্তর্জাতিক ক্রিকেট ছিল না। তাই বিশ্বকাপের প্রস্তুতির জন্য জিম্বাবুয়ে সফর আমাদের জন্য দারুণ সুযোগ,” যোগ করেন তিনি। গত বছর জিম্বাবুয়েতে সর্বশেষ সফরটা ভালো কাটেনি বাংলাদেশের । টেস্ট-ওয়ানডে দুটো সিরিজেই হেরে যাওয়ার জের ধরে অধিনায়কত্ব হারিয়েছিলেন সাকিব আল হাসান। তবে এবার সাফল্যের ব্যাপারে আশাবাদী মুশফিক। তিনি বলেন, “আমাদের লক্ষ্য ফাইনালে খেলা। দক্ষিণ আফ্রিকা শক্ত প্রতিপক্ষ আর জিম্বাবুয়েকে তাদের মাটিতে হারানো সহজ নয়। আমাদের তাই নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে।” “জিম্বাবুয়ের কন্ডিশন, উইকেট কোনো কিছুই আমাদের মতো নয়। যত দ্রুত আমরা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারবো ততই আমাদের ভালো খেলার সম্ভাবনা বেড়ে যাবে। হারারেতে আমাদের সাফল্যের হার ভালো নয়। এই সফরের জন্য আমাদের তাই শতভাগ প্রস্তুতি নিতে হবে। ভালো খেলতে তো হবেই,” যোগ করেন তিনি। বাংলাদেশ দলের বেশির ভাগ খেলোয়াড় প্রায় দুই মাস খেলার বাইরে ছিলেন। তাই তাদের ফিটনেস সমস্যা আছে। তবে জিম্বাবুয়েতে যাওয়ার আগেই দলের প্রত্যেকের ম্যাচ খেলার মতো ফিটনেস চলে আসবে বলে মনে করেন মুশফিক। তিনি বলেন, “হাতে যথেষ্ট সময় নিয়ে আমরা প্রস্তুতি শুরু করেছি। আশা করি জিম্বাবুয়ে সফরের আগেই সব ঠিক হয়ে যাবে।” “তবে শুধু ফিটনেস নিয়ে কাজ করলেই হবে না। ভালো খেলার জন্য ভালো স্কিলেরও প্রয়োজন। শিগগিরই স্কিল নিয়েও কাজ শুরু হবে,” যোগ করেন বাংলাদেশ দলের অধিনায়ক। অর্ন্তবর্তী কোচ শেন জুর্গেনসেন সম্পর্কে মুশফিক বলেন, “জুর্গেনসেন প্রায় এক বছর ধরে আমাদের সঙ্গে আছেন। আমাদের সামর্থ্য ও দুর্বলতা সম্পর্কে তার ভালো ধারণা আছে। অনেক দিন ধরে আছেন বলে তার সঙ্গে কাজ করতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮৪২ঘ.