২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা ক্রিকেটে মোহামেডান ও আজাদের জয়

মহিলা ক্লাব ক্রিকেট লিগে সহজেই জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান ও আজাদ স্পোর্টিং ক্লাব। সোমবার মোহামেডান ৮ উইকেটে ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবকে ও আজাদ ৭ উইকেটে ক্রিকেট কোচিং স্কুলকে (সিসিএস) হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2012, 03:31 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহিলা ক্লাব ক্রিকেট লিগে সহজেই জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান ও আজাদ স্পোর্টিং ক্লাব। সোমবার মোহামেডান ৮ উইকেটে ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবকে ও আজাদ ৭ উইকেটে ক্রিকেট কোচিং স্কুলকে (সিসিএস) হারিয়েছে। মোহামেডান-ওরিয়েন্ট বিকেএসপির দুই নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৩১ ওভার ২ বলে ৫১ রানে অলআউট হয়ে যায় ওরিয়েন্ট। কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। সর্বোচ্চ ১৬ রান আসে অতিরিক্ত থেকে। মোহামেডানের পক্ষে ফাহিমা খাতুন ও রুমানা আহমেদ ৩টি করে উইকেট নেন। জবাবে সোহেলি আক্তার (৮) ও রুমানার (২১) উইকেট দুটি হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মোহামেডান। শুকতারা ১৩ ও সুলতানা ইয়াসমিন ১ রানে অপরাজিত থাকেন। আজাদ-সিসিএস বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ২৫ ওভার ৫ বলে ৪৮ রানে অলআউট হয়ে যায় সিসিএস। ওরিয়েন্টের মতো সিসিএসেরও কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। সর্বোচ্চ ১৯ রান অতিরিক্তর সুবাদে। ১৩ রানে ৬ উইকেট নেয়া খাদিজাতুল কোবরা সিসিএসের সবচেয়ে বড় সর্বনাশ করেন। জবাবে খাদিজার ১৪ ও অধিনায়ক সাথিরা জাকিরের ১০ রান ১২ ওভার ৪ বলেই লক্ষ্যে পৌঁছে দেয় আজাদকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১২৪ঘ.