২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ে সফরের প্রস্তুতি শুরু

ব্যস্ত ক্রিকেট সূচীর ফাঁকে একটুখানি বিশ্রাম খুব দরকার ছিল বলে মনে করছেন জাতীয় দলের ক্রিকেটাররা। কন্ডিশনিং ক্যাম্পকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নিজেদের ফিটনেসকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে চান তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2012, 11:19 AM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্যস্ত ক্রিকেট সূচীর ফাঁকে একটুখানি বিশ্রাম খুব দরকার ছিল বলে মনে করছেন জাতীয় দলের ক্রিকেটাররা। কন্ডিশনিং ক্যাম্পকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নিজেদের ফিটনেসকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে চান তারা। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার কাছে কন্ডিশনিং ক্যাম্প অনেকদিন পর পরিবারে ফেরার মতো। সারা বছর একসঙ্গে ক্রিকেট খেলার পর খেলোয়াড়দের বন্ধন পরিবারের মতোই বলে মনে করেন তিনি। তিনি বলেন, “বিশ্রামটা খুব দরকার ছিল। তবে এর মধ্যেও ফিজিও ও ট্রেনারের সঙ্গে কাজ করেছি। দীর্ঘ বিশ্রামের পর ফিটনেসে হয়তো একটু ঘাটতি তৈরি হয়েছে, সেটা আবারো সর্বোচ্চ নিয়ে আসার এটা একটা সুযোগ।” “ক্যাম্পে এসে নতুনরাসহ সব ক্রিকেটারই খুশি। সারা বছর এক সঙ্গে খেলার পর আমরা পরিবারের মতোই হয়ে গেছি,” যোগ করেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ম্যাচ না থাকায় জিম্বাবুয়ে সফরকে বিসিবির একটা বড় সাফল্য হিসেবে দেখছেন মাশরাফি। তিনি বলেন, “অনেক দিন কোনো আন্তর্জাতিক ক্রিকেট ছিল না। আইপিএলে সাকিবও এবার খুব বেশি ম্যাচ খেলছে না। তামিমকেও মাঠের বাইরে থাকতে হয়েছে। বিশ্বকাপের আগে বেশ কিছু ম্যাচ খেলা প্রয়োজন ছিল। সব মিলিয়ে এটা বিসিবির একটা বড় সাফল্য।” স্টুয়ার্ট লয়ের উত্তরসূরী এখনো পায়নি বাংলাদেশ। জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বোলিং কোচ শেন জুর্গেনসেনের তত্ত্বাবধানে অনুশীলন শুরু করেছেন ক্রিকেটাররা। এ ব্যাপারে মাশরাফি বলেন, “কোচের ব্যাপারটা বিসিবি দেখছে। এ ব্যাপারে আমাদের করার কিছু নেই। আমরা যেটা করতে পারি, সম্ভাব্য সেরা প্রস্তুতি নেয়া আমরা সেটাই করার চেষ্টা করছি।” বিশ্রামের সময়টুকু খুব কাজে লেগেছে বলে মনে করছেন, বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক, উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস ও অলরাউন্ডার নাসির হোসেন। কন্ডিশনিং ক্যাম্পকে কাজে লাগিয়ে নিজেদের ফিটনেসকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার ব্যাপারেও আশাবাদী তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৭১০ ঘ.