কলকাতা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর এই জনপ্রিয় অভিনেতার পাশে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
‘আইন লঙ্ঘন’ এবং নিরাপত্তাকর্মী ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে ওয়াংখেড়ে স্টেডিয়ামে শাহরুখ খানকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করার প্রতিবাদ জানিয়ে শুক্রবার মমতা বলেছেন, এ সিদ্ধান্ত ‘অগণতান্ত্রিক’।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি ‘সামান্য’ বিষয়কে বড় করে দেখা হচ্ছে বলেও মন্তব্য করেছেন মমতা। তিনিই প্রথম ব্যক্তি যিনি ‘ওয়াংখেড়ে কাণ্ডের’ পর শাহরুখের সমর্থনে এগিয়ে এলেন।
মুম্বাই ক্রিকেট অ্যসোসিয়েশনের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় মমতা সাংবাদিকদের বলেন, “এটা অগণতান্ত্রিক ও অযৌক্তিক। আমি সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানাব।”
“আমার মনে হয়- সামান্য অপরাধে তাকে কঠোর শাস্তি দেওয়া হয়েছে। খেলাকে শুধু খেলা হিসেবে নিতে হবে। আমি কথাগুলো মুখ্যমন্ত্রী হিসেবে বলছি না, একজন সাধারণ মানুষ হিসেবে বলছি”, বলেন তৃণমূল কংগ্রেস নেত্রী।
মমতার মতে, যে স্টেডিয়ামের ঘটনা নিয়ে এতো শোরগোল, সেই মহারাষ্ট্রের মানুষও শাহরুখ খানের ওপর এই নিষেধাজ্ঞা মেনে নিতে পারবে না।
“আমি ঘটনাস্থলে ছিলাম না, কিন্তু টিভিতে যা দেখলাম বা শুনলাম, এটা তেমন কোনো ঘটনাই না। সামান্য একটা ব্যাপার”, বলেন মমতা।
ঘটনাটি তিনি ব্যখ্যা করেন এভাবে- “ওই রাতে শাহরুখ খান তার সন্তানসহ কয়েকজন ছেলে-মেয়ের সাথে সময় কাটাচ্ছিল। এ সময় দুই-তিন জন পুলিশ ওই বাচ্চাদের সাথে হল্লা বাঁধালে তিনি প্রতিবাদ করেন।”
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অভিযোগ, কয়েকটি রাজনৈতিক দল ওই ঘটনার উপর ‘রঙ’ চড়ানোর চেষ্টা করছে।
“আমি তাদের বলব, আগুন নিয়ে খেলার চেষ্টা করবেন না”, হুঁশিয়ার করেন মমতা।
বুধবার ভারতীয় টেলিভিশনের খবরে দেখা যায়, ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্স ৩২ রানের জয় পাওয়ার পর সঙ্গীদের নিয়ে মাঠে ঢোকার চেষ্টা করেন শাহরুখ। নিরাপত্তা কর্মীরা এ সময় বাধা দিলে তিনি তাদের ওপর চড়াও হন।
এক পর্যায়ে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এগিয়ে এলে তাদের সঙ্গেও দুর্ব্যবহার করেন এই বলিউড তারকা। ঘটনার সময় শাহরুখ খান পুরোপুরি মাতাল ছিলেন বলেও অভিযোগ মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের।
অবশ্য এ অভিযোগ অস্বীকার করে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে শাহরুখ বলেন, “আমি মাতাল ছিলাম না। আমি আমার ছেলেদের উঠিয়ে আনতে গিয়েছিলাম। অথচ কর্মকর্তারা মারমুখী আচরণ করেন। আমি তাৎক্ষণিকভাবে ক্ষুব্ধ হলেও কিছুক্ষণ পরেই তা ভুলে যাই।”
“আমি ক্ষোভ থেকে কিছু কথা বলেছিলাম। আমি একা ছিলাম। আর তারা ছিলেন ২০ থেকে ২৫ জন।”
ওই ঘটনার কারণে এমসিএ কর্মকর্তাদেরই ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেন শাহরুখ।
তবে তা না করে ‘আইন লঙ্ঘন’ এবং নিরাপত্তাকর্মী ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রবেশে শাহরুখ খানের ওপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা আরোপ করেছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন।
মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনা কমিটির বৈঠকে শুক্রবার সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/জেকে/০০১৫ ঘ
bdnews24