ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) অনূর্ধ্ব-১৫ দলের দ্বিতীয় ও শেষ তিন দিনের ম্যাচ ড্র হয়েছে।
শুক্রবার ১ উইকেটে ২২০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে অতিথি দল। মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ব্যাট করে ৫ উইকেটে ৩২০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে তারা।
আগের দিন শেষে ১২০ রানে অপরাজিত থাকা উদ্বোধনী ব্যাটসম্যান শুভ্রজিত দাস শুক্রবার আর ব্যাট করতে নামেননি। দিনের শুরুতে কাজী জুনায়েদকে (৭২) ফিরিয়ে দিয়ে স্বাগতিকদের প্রথম সাফল্য এনে দেন আলিফ আকতার।
তবে ইরফান আনসারীর ৩৮ ও অভিজিতের ৪০ রানের সুবাদে ১০৫ রানের লিড পেয়ে যায় সিএবি।
৪৬ রানে ৩ উইকেট নিয়ে রিয়াজুল ইসলাম স্বাগতিকদের সেরা বোলার।
দ্বিতীয় ইনিংসের শুরুতেই আরিয়ান ফাহিমের (০) বিদায়ে অস্বস্তিতে পড়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। তবে আমিনুল ইসলামের (৮) সঙ্গে ৪৭ ও আসাদুর রহমানের (১৪) সঙ্গে ৩৭ রানের জুুটি গড়ে ঐ ধাক্কা সামাল দেন ওমর ফারুক।
দলীয় ১১৮ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ফারুকের বিদায়ের পর পরই ড্রয়ের ব্যাপারে সম্মত হন দুই অধিনায়ক। ৭১ রান করা ফারুকের ১৩৫ বলের ইনিংসে ৮টি চার।
৪ রানে ২ উইকেট নেন সুজিত পন্ডিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০০০ঘ.
bdnews24