ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শুভ্রজিত দাসের অপরাজিত শতকের সুবাদে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলকে দ্বিতীয় তিন দিনের ম্যাচে চাপে ফেলেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) অনূর্ধ্ব-১৫ দল। ৯ উইকেট হাতে নিয়ে দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ৫ রানে এগিয়ে রয়েছে অতিথিরা।
দিন শেষে ১ উইকেটে ২২০ রান করেছে অতিথিরা। ১২০ রানে অপরাজিত রয়েছেন শুভ্রজিত। তার ১৮১ রানের ইনিংসটি ১৪টি চার ও ২টি ছক্কায় সাজানো।
অঞ্জনভ সাহার (১৪) সঙ্গে শুভ্রজিতের ৫৩ রানের উদ্বোধনী জুটি সিএবি অনূর্ধ্ব-১৫ দলকে ভালো সূচনা এনে দেয়। অঞ্জনভকে আলিফ আকতারের ক্যাচ বানিয়ে স্বাগতিকদের দিনের একমাত্র সাফল্য এনে দেন রিয়াজুল ইসলাম।
এর পর সাতজন বোলার ব্যবহার করেও অতিথিদের দ্বিতীয় উইকেট জুটি ভাঙ্গতে পারেন নি স্বাগতিক অধিনায়ক রাব্বি হাসান। দ্বিতীয় উইকেটে কাজী জুনায়েদের (৬৬) সঙ্গে শুভ্রজিত ১৬৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে অতিথিদের বসিয়েছেন চালকের আসনে।
এর আগে ৮ উইকেটে ১৭৪ রান নিয়ে দিনের খেলা শুরু করে স্বাগতিকরা। আগের দিন ৪৪ রানে অপরাজিত রিয়াজ এ দিন নিজের ইনিংস টেনে নিয়ে যান ৭১ পর্যন্ত। তার দৃঢ়তায়ই অলআউট হওয়ার আগে ২১৫ রান করে স্বাগতিকরা। রিয়াজের ২০৩ বলের ইনিংসে ৫টি চার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২২৮ ঘ.
bdnews24