২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা ক্রিকেটে মোহামেডান ও সিসিএসের জয়

মহিলা ক্লাব ক্রিকেটে সহজেই জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। বুধবার রাইজিং গার্লস ক্রিকেট অ্যাকাডেমিকে তারা ১০ উইকেটে হারিয়েছে। অন্য খেলায় কলাবাগানকে ৩ রানে হারিয়েছে ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2012, 12:04 PM

Updated : 24 Aug 2022, 11:22 AM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহিলা ক্লাব ক্রিকেটে সহজেই জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। বুধবার রাইজিং গার্লস ক্রিকেট অ্যাকাডেমিকে তারা ১০ উইকেটে হারিয়েছে। অন্য খেলায় কলাবাগানকে ৩ রানে হারিয়েছে ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)। মোহামেডান-রাইজিং গার্লস বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ২৭ ওভার ৪ বলে মাত্র ৩০ রানে অলআউট হয়ে যায় রাইজিং গার্লস। অধিনায়ক সুস্মিতা (১৮) ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। শূন্য রানে আউট হয়ে যান ৭ জন। মাত্র ৬ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়ে রাইজিং গার্লসের সবচেয়ে বড় সর্বনাশ করেন মোহামেডানের অধিনায়ক সালমা খাতুন। জবাবে মাত্র ৪ ওভার ৫ বল খেলে বিনা উইকেটেই লক্ষ্যে পৌঁছে যায় মোহামেডান। বোলিংয়ের পর ব্যাট হাতেও সফল সালমা অপরাজিত থাকেন ১৬ রান করে। শায়লা শারমিনের ব্যাট থেকে আসে অপরাজিত ১২ রান। কলাবাগান-সিসিএস বিকেএসপির দুই নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১১৪ রান করে সিসিএস। সর্বোচ্চ ৩৭ রান আসে অতিরিক্ত থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান ফারজানা আক্তারের। কলাবাগানের পক্ষে ৩টি করে উইকেট নেন অধিনায়ক সাবরিনা ও ফেরদৌসী। জবাবে সাবরিনা ৩৪ রানে অপরাজিত থাকলেও ৫ উইকেটে ১১১ রানে থেমে যায় কলাবাগানের ইনিংস। জাফরিন রুহাইনাত ১৯ ও সুলতানা আক্তার ১৫ রান করেন। সিসিএসের পক্ষে রিমা আক্তার ও ইশমা তানজিম দুটি করে উইকেট নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮০০ ঘ.