ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অবশেষে অবসান ঘটেছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের অচলাবস্থার। দেড় মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর ৩১ মে থেকে আবারো শুরু হবে সুপার লিগের খেলা।
যে ম্যাচটি নিয়ে সমস্যার শুরু সেই ভিক্টোরিয়া-আবাহনী ম্যাচটি আবারো অনুষ্ঠিত হবে। আর ছাড়পত্র নিয়ে প্রশ্ন ওঠায় পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ লিগে ভিক্টোরিয়ার হয়ে আর খেলতে পারবেন না।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সুপার লিগের ছয় দলের প্রতিনিধির সঙ্গে বৈঠকের পর সঙ্কট নিরসনের ঘোষণা দেন বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল।
তিনি বলেন, “ক্রিকেটের বৃহত্তর স্বার্থে সব দল খেলতে রাজি হয়েছে। ৩১ মে থেকে তিনটি ভেন্যুতে আবারো লিগ শুরু হবে।”
শের-ই-বাংলা স্টেডিয়ামের মাঠ পরিচর্যার কাজ চলায় ফতুল্ল¬া ও বিকেএসপির পাশাপাশি ভেন্যু হিসেবে বগুড়াকে বেছে নিয়েছে বিসিবি। এর মধ্যে বগুড়ায় যাতায়াতের ব্যায় বিসিবি বহন করবে।
ইউসুফের সম্পর্কে বিসিবি সভাপতি বলেন, “ইউসুফের ছাড়পত্র নিয়ে বিতর্ক শুরুর পর থেকেই ভুল বোঝাবোঝির সৃষ্টি হয়। সঙ্কট নিরসনে আমরা একটি সাব কমিটি গঠন করেছিলাম। কিন্তু নানা কারণেই সমস্যার সমাধান হয়নি। এখানে মনোমালিন্যের পাশাপাশি নানা রকমের অভিযোগও ছিলো।”
“সমাধানে পৌঁছাতে আমরা সময় নিয়েছি। সঙ্কটের কারণ খতিয়ে দেখার চেষ্টা করেছি। আমরা চেয়েছি শান্তিপূর্ণ উপায়ে সমাধানে পৌঁছাতে,” যোগ করেন তিনি।
ছাড়পত্রের ব্যাপারে তদন্ত করতে সিআইডিকে দায়িত্ব দিয়েছিল বিসিবি। সিআইডি এ ব্যাপারে কিছু জানিয়েছে কী না জানতে চাইলে কামাল বলেন, “মামলা করলে হয়তো জানা যেত ছাড়পত্র জাল কী না। কিন্তু বিসিবি কোনো ক্লাবের বিপক্ষে মামলা করতে ইচ্ছুক নয়। সে কারণেই ঐ পথে আমরা হাঁটিনি।”
ইউসুফের ছাড়পত্র ইস্যুতে ২৮ মার্চ থেকে লিগে অচলাবস্থার শুরু হয়। সেদিন ভিক্টোরিয়ার হয়ে আবাহনীর বিপক্ষে খেলতে নামেন ইউসুফ। ইউসুফের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে প্রথম ইনিংসের পর খেলতে অস্বীকৃতি জানায় আবাহনী। পরে ম্যাচ রেফারি পূর্ণ পয়েন্ট দেন ভিক্টোরিয়াকে।
সঙ্কট নিরসনে ব্যর্থ হওয়ায় সিসিডিএম ভেঙ্গে নতুন কমিটি গঠনের দাবি জানায় ভিক্টোরিয়া ছাড়া সুপার লিগের অন্য পাঁচটি দল। এ ব্যাপারে বিসিবি সভাপতি বলেন, “একদিনেই সব কিছু পরিবর্তন করা যায় না। ক্লাব ক্রিকেটে আরো যোগ্য সংগঠক রয়েছেন। তারাও দায়িত্বে আসতে পারেন।”
“সুষ্ঠুভাবে লিগ পরিচালনা করতে যে সব পরিবর্তন প্রয়োজন সেগুলো আমরা করবো,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৯১৯ ঘ.
bdnews24