ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাহেলা জয়াবর্ধনের অপরাজিত অর্ধশতকের সুবাদে কিংস ইলিভেন পাঞ্জাবকে ৫ উইকেটে হারিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। ১৪ খেলায় এটি দিল্লির দশম জয় অন্য দিকে সমান খেলায় পাঞ্জাবের সপ্তম হার।
দিল্লির ফিরোজ শাহ কোটলায় টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৩৬ রান করে পাঞ্জাব। জবাবে ১৯ ওভারে ৫ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি।
লক্ষ্য তাড়া করতে নেমে পারভিন্দর আওয়ানার মারাত্মক বোলিংয়ে ৩৭ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে দিল্লি। পঞ্চম উইকেটে নামান ওঝার (৩৪) সঙ্গে ৫৮ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দিয়ে দলকে ভালো অবস্থানে নিয়ে আসেন জয়াবর্ধনে।
দলীয় ৯৫ রানে ওঝা বিদায় নিলেও অবিচল ছিলেন জয়াবর্ধনে। ষষ্ঠ উইকেটে ইরফান পাঠানের (১৯*) ৪৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে সহজ এনে দেন জয়াবর্ধনে। ম্যাচ শেষে জয়াবর্ধনে অপরাজিত থাকেন ৫৬ রানে। তার ৪৯ বলের ইনিংসটি ৮টি চারে সাজানো।
২২ রানে ৩ উইকেট নিয়ে পাঞ্জাবের সেরা বোলার আওয়ানা।
এর আগে ব্যাট করতে নেমে অধিনায়ক ডেভিড হাসির অপরাজিত ৪০, মানদীপ সিংয়ের ২১ ও নিতিন সাইনির ১৫ রানের সুবাদে মাঝারি স্কোর গড়ে পাঞ্জাব।
২১ রানে ৩ উইকেট নিয়ে উমেশ যাদব দিল্লির সেরা বোলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৫৯ ঘ.
bdnews24