ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুধবার আইপিএলের একমাত্র ম্যাচে ক্রিস গেইলের ঝড়ো ব্যাটিংয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে সহজেই ৯ উইকেটে হারিয়েছে ব্যাঙ্গালোর রয়েল চ্যালেঞ্জার্স। মাত্র ৫৯ বলে গেইলের অবদান অপরাজিত ৮২ রান।
১২ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ব্যাঙ্গালোরের অবস্থান চতুর্থ। হেরে গেলেও সমান ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রহ করা মুম্বাই তৃতীয় স্থান ধরে রেখেছে।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি মুম্বাই ইন্ডিয়ান্সের। দলীয় ২ রানে জেমস ফ্র্যাঙ্কলিন ও রোহিত শর্মাকে হারিয়ে বিপদে পড়ে যায় স্বাগতিকরা। দুটো উইকেটই বিনয় কুমারের।
দলের বিপর্যয়ে হাল ধরেন শচীন টেন্ডুলকার (২৪) ও দীনেশ কার্তিক (৪৪)। এ দুজনের সঙ্গে আম্বাতি রাইডুর (২২) দায়িত্বশীল এবং শেষ দিকে কাইরন পোলার্ড (১৩ বলে অপরাজিত ২১) ও অধিনায়ক হরভজন সিংয়ের (১২ বলে অপরাজিত ২০) আক্রমণাত্মক ব্যাটিং ৬ উইকেটে ১৪১ রান এনে দেয় মুম্বাইকে।
বিনয় কুমার ছাড়াও মুত্তিয়া মুরালিধরন ও হারশাল প্যাটেল দুটি করে উইকেট নেন।
জবাবে গেইলের সঙ্গে তিলকরতেœ দিলশানের ৪৮ রানের জুটি ভালো সূচনা এনে দেয় ব্যাঙ্গালোরকে। দিলশানকে (১৯) প্রজ্ঞান ওঝা এলবিডব্লিউর ফাঁদে ফেললেও ম্যাচ-সেরা গেইলের তান্ডবে ১২ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় অতিথিরা।
অধিনায়ক বিরাট কোহলির (অপরাজিত ৩৬) সঙ্গে মাত্র ৯ ওভার ৩ বলে ৯৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন ৫টি চার ও ৬টি বিশাল ছক্কা মারা গেইল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/০০২৮ ঘ.
bdnews24