ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বিতর্ক চলছেই। প্রতিযোগিতা চলার সময় বিতর্ক ছিলো নিত্যসঙ্গী। শেষ হওয়ার প্রায় আড়াই মাস পরও বিতর্ক পিছু ছাড়েনি বিপিএলের। স¤প্রতি দিল্লির ক্রাইম ব্র্যাঞ্চ ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ পত্রিকাকে জানিয়েছে , বিপিএলে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত ছিলো দিল্লির জুয়াড়িরা।
গত মাসে ভিমাল মারওয়াহ নামে এক নারী দালালকে আটক করে দিল্লি পুলিশ। জেরার মুখে ওই মহিলা স্বীকার করেন, বিপিএল চলার সময় বেশ কয়েকজন ‘কলগার্ল’ নিয়ে তিনি বাংলাদেশে গিয়েছিলেন এবং কয়েকজন জুয়াড়ির সঙ্গে দেখা করেছিলেন।
এমনকি ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলা কয়েক জন কাউন্টি খেলোয়াড়ের সঙ্গেও ভিমালের নিয়মিত যোগাযোগ ছিলো।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন কমিশনও ওই মহিলার সঙ্গে কাউন্টি খেলোয়াড়দের যোগাযোগ থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছে।
দিল্লির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) রবি শঙ্কর জানিয়েছেন, “প্রতিযোগিতাটি চলার সময় কয়েকজন কল গার্ল নিয়ে তিনি (ভিমাল মারওয়াহ) বাংলাদেশে গিয়েছিলেন। সেখান থেকে তিনি সিঙ্গাপুরে যান। বাংলাদেশের জুয়াড়িদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিলো।”
ভিমাল এবং কয়েকজন কল গার্লের কাছে শ্রীলঙ্কার ভিসা ও বিমানের টিকেটও পাওয়া গেছে। পার্টি দেয়ার জন্য কলম্বোর একটি ক্যাসিনোও ওই মহিলা ভাড়া করেছিলেন বলে জানা গেছে।
ধারণা করা হচ্ছে, সেপ্টেম্বর-অক্টোবরে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ পাতানোর জন্যই এত সব আয়োজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১২৬ ঘ.
bdnews24