ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম দুই ম্যাচ জিতে দারুণভাবে এবারের আইপিএল শুরু করেছিলো পুনে ওয়ারিয়র্স। কিন্তু সৌরভ গাঙ্গুলীর দল এখন রীতিমতো অসহায়, দিগ্ভ্রান্ত! মঙ্গলবার আইপিএলের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের সামনে দাঁড়াতেই পারেনি পুনে, হেরেছে ৭ উইকেটে। পুনের এটি টানা ষষ্ঠ হার।
১৩ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট সংগ্রহ করা পুনের অবস্থান অষ্টম। অন্যদিকে ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রাজস্থান উঠে এসেছে চতুর্থ স্থানে।
ঘরের মাঠ সাহারা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া পুনে ৬ উইকেটে ১২৫ রানের বেশি করতে পারেনি। ব্যাট করতে নামা ৮ জনের মধ্যে ৭ জনই দুই অংকের ঘরে গেলেও বলার মতো রান শুধু এক জনেরই-অনুষ্টুপ মজুমদারের ৩০।
১৩ রানে ৩ উইকেট নিয়ে স্বাগতিকদের সবচেয়ে বেশি সর্বনাশ করেছেন অস্ট্রেলীয় ফাস্ট বোলার শন টেইট।
জবাবে শেন ওয়াটসনের ৫১ বলে ১০টি চার ও চারটি ছক্কা সমৃদ্ধ অপরাজিত ৯০ রানের দুর্দান্ত ইনিংস ২২ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে দেয় রাহুল দ্রাবিড়ের রাজস্থান রয়্যালসকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০২৪ ঘ.
bdnews24