২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউসুফের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ভুয়া ছাড়পত্র জমা দেয়ার অভিযোগে পাকিস্তানের ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফের বিরুদ্ধে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2012, 12:45 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ভুয়া ছাড়পত্র জমা দেয়ার অভিযোগে পাকিস্তানের ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফের বিরুদ্ধে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো। ইউসুফের ছাড়পত্র ইস্যু নিয়ে গত ২৮ মার্চ অচলাবস্থার শুরু। সেদিন প্রিমিয়ার লিগে ভিক্টোরিয়ার হয়ে আবাহনীর বিপক্ষে খেলতে নামেন ইউসুফ। নানা টানাপোড়েনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি তদন্তের ভার দেয় গোয়েন্দা সংস্থাকে। মোহামেডান ও আবাহনী দাবি করে আসছে ইউসুফের ছাড়পত্র ও নিবন্ধন অবৈধ। এ ব্যাপারে দুটি দল প্রমাণসহ বেশ কয়েক বার চিঠিও দিয়েছে সংশ্লি¬ষ্ট কর্তৃপক্ষকে। তবে এই মুহূর্তে লাহোরে থাকা ইউসুফের দাবি, এ ব্যাপারে তার কোনো ভূমিকা নেই। তিনি বলেন, “আমি বুঝতে পারছি না কেন এতো বাড়াবাড়ি হচ্ছে। ভিক্টোরিয়া ক্লাব থেকে আমাকে একটি ছাড়পত্র দেয়া হয়েছে। আমি ঢাকা লিগে তাদের হয়ে খেলার জন্য চুক্তি করেছি। এটা আসল না নকল তা আমি কী করে জানবো।” লিগের বাইলজ অনুযায়ী ইউসুফ ২০১০-১১ মৌসুমে মোহামেডানে খেলায় তাকে ছাড়পত্র নিতে হতো ওই ক্লাব থেকে। কিন্তু তিনি ওই বছর মোহামেডান থেকে কোনো ছাড়পত্র নেননি। এর আগে অবশ্য ইউসুফ দাবি করেছিলেন, গত বছরই তিনি মোহামেডান থেকে ছাড়পত্র নিয়ে গিয়েছিলেন। ইউসুফ জানিয়েছেন, পুরনো দল থেকে ছাড়পত্র পেলে নতুন দলের হয়ে ঢাকা লিগে খেলতে পারার কথা তাকে ভিক্টোরিয়া ক্লাব কর্র্তৃপক্ষ জানিয়েছিলো। আর তার পরই তিনি খেলতে রাজি হন। ইউসুফ বলেন, “আমার ধারণা ছিল এটাই আন্তর্জাতিক আইন। ভিক্টোরিয়ার পক্ষ থেকে এনওসি এবং ছাড়পত্র পাওয়ার পরই আমি ঢাকা যাই। তারা এনওসি মোহামেডানের কাছ থেকে নিয়েছে। তবে এ ব্যাপারে আমার কিছু জানা নেই।” বাংলাদেশের ক্রিকেটের অভ্যন্তরীন ব্যাপার হওয়ায় এ নিয়ে কোনো আইনী সহায়তা বা পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছ থেকে কোনো পরামর্শ নেয়ার কথাও ভাবেননি বলে জানিয়েছেন পাকিস্তানের এই অভিজ্ঞ ব্যাটসম্যান। তিনি বলেন, “সমস্যার সমাধান তাদেরই করতে হবে। তবে এ নিয়ে বিতর্ক হওয়ায় আমি খুব হতাশ।” এ প্রসঙ্গে বিসিবির মিডিয়া কমিটির সভাপতি জালাল ইউনুস বলেন, “আমরাও প্রতিবেদনটি দেখেছি। বিষয়টি এখন গোয়েন্দা সংস্থা দেখছে। প্রতিবেদনটি তাদের কাছেও পাঠানো হবে, যেন এর দ্রুত সুরাহা হয়।” “ইউসুফের নিবন্ধনে অস্বচ্ছতা পাওয়া গিয়েছিল বলে আইনি সাহায্য নেয়া হচ্ছে। গোয়েন্দা প্রতিবেদনের ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮৪০ ঘ.