২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঞ্জাবকে হারিয়ে জয়ে ফিরল রাজস্থান

টানা চার হারের পর কিংস ইলিভেন পাঞ্জাবকে সহজেই ৪৩ রানে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে রাজস্থান রয়্যালস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2012, 06:04 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ঢাকা, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টানা চার হারের পর কিংস ইলিভেন পাঞ্জাবকে সহজেই ৪৩ রানে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে রাজস্থান রয়্যালস। এগারো খেলায় এটি রাজস্থানের পঞ্চম জয়, অন্য দিকে সমান খেলায় এটি পাঞ্জাবের ষষ্ঠ হার। মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭৭ রান করে রাজস্থান। জবাবে ৮ উইকেটে ১৩৪ রানেই থেমে যায় পাঞ্জাবের ইনিংস। লক্ষ্য তাড়া করতে নেমে শন মার্শের (৩৪) আক্রমণাত্মক ব্যাটিংয়ের পরও ৫৯ রানে দলের প্রথম চার ব্যাটসম্যান বিদায় নিলে চাপে পড়ে পাঞ্জাব। পঞ্চম উইকেটে আজহার মেহমুদের (২৪) সঙ্গে গুরকীরাত সিংয়ের (২৩) ৩৬ রানের জুটি এরপর হারের ব্যবধানই কমিয়েছে কেবল। রাজস্থানের পক্ষে শেন ওয়াটসন, শন টেইট ও জোহান বোথা দুটি করে উইকেট নেন। এর আগে দলীয় ৭ রানে অজিঙ্কিয়া রাহানের (৫) বিদায়ে রাজস্থানের শুরুটা মোটেও ভালো হয়নি। দ্বিতীয় উইকেটে ওয়াটসনের (৩৬) সঙ্গে ৬৯ ও অশোক মেনারিয়ার (৩৬) সঙ্গে ৪১ রানের দুটি কার্যকর জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামলে দলকে ভালো অবস্থানে নিয়ে আসেন অধিনায়ক রাহুল দ্রাবিড় (৪৬)। শেষ দিকে ব্রাড হজ (৩৬) ও বোথার (১৪*) আক্রমণাত্মক ব্যাটিংয়ে লড়াইয়ের পুঁজি গড়ে অতিথিরা। ৩৪ রানে ৪ উইকেট নিয়ে রায়ান হ্যারিস পাঞ্জাবের সেরা বোলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০০২ ঘ.