ঢাকা, মে ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পুনে ওয়ারিয়র্সকে ৭ রানে হারিয়ে আইপিএলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে কলকাতা নাইট রাইডার্স।
১১ খেলায় কলকাতার পয়েন্ট ১৫। ১০ খেলায় ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দিল্লি ডেয়ারডেভিলস আর ১২ খেলায় ৮ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে পুনে।
কলকাতার ইডেন গার্ডেনে টস জিতে ব্যাট করতে নেমে অধিনায়ক গৌতম গম্ভীরের অর্ধশতকের সুবাদে ৫ উইকেটে ১৫০ রান করে কলকাতা। জবাবে ৮ উইকেটে ১৪৩ রান করে পুনে।
লক্ষ্য তাড়া করতে নেমে ৫৫ রানেই প্রথম পাঁচ ব্যাটসম্যান সাজঘরের পথ ধরলে অস্বস্তি¡তে পড়ে পুনে। ষষ্ঠ উইকেটে অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর (৩৬) সঙ্গে অ্যাঞ্জেলো ম্যাথিউসের ৭৩ রানের জুটি ধাক্কা সামাল দেন। কিন্তু দলীয় ১২৮ রানে সৌরভের বিদায়ে বড় একটা ধাক্কা খায় অতিথিরা।
এর পর ম্যাথিউস (৩৫) চেষ্টা করলেও শেষ পর্যন্ত অষ্টম হার এড়াতে পারেনি দলটি।
৩৪ রানে ৩ উইকেট নিয়ে মার্চেন্ট ডি ল্যাঙ্গ কলকাতার সেরা বোলার।
এর আগে গম্ভীরের সঙ্গে ব্রেন্ডন ম্যাককালামের ১১৩ রানের উদ্বোধনী জুটি কলকাতাকে বড় রানের ভিত গড়ে দেয়। অর্ধশতকের পর গম্ভীর (৫৬) সাজঘরে ফিরলে পথ হারায় কলকাতা। গম্ভীরের ৩৬ বলের ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা।
অধিনায়কের বিদায়ের পর শেষ ৪৫ বলে মোটে ৩৭ রান করে দেড়শ রানেই থেমে যায় স্বাগতিকদের ইনিংস। ম্যাককালামের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান।
পুনের পক্ষে ম্যাথিউস ও ভুবনেশ্বর কুমার ২টি করে উইকেট নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০৪৫ ঘ.
bdnews24