ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যতক্ষণ ক্রিস গেইল ছিলেন, মনে হচ্ছিলো বিশাল সংগ্রহ গড়তে যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কিন্তু ষোড়শ ওভারে গেইল ফিরে যাওয়ার পর ৫ উইকেটে ১৫৮ রানেই শেষ ব্যাঙ্গালোরের ইনিংস। জয়ের কাছাকাছি গিয়ে তিন জন রান আউটের খাঁড়ায় কাটা পড়লেও মূল্যবান দুটো পয়েন্ট নিয়েই ঘরে ফিরেছে কিংস ইলেভেন পাঞ্জাব। বুধবার আইপিএলের একমাত্র ম্যাচে পাঞ্জাব জিতেছে ৪ উইকেটে।
ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই মায়াঙ্ক আগারওয়ালকে হারিয়ে ফেলে ব্যাঙ্গালোর। তবে গেইলের (৪২ বলে ৭১) সঙ্গে বিরাট কোহলির (৪২ বলে ৪৫) ১১৯ রানের জুটি বড় সংগ্রহের স্বপ্নই দেখাচ্ছিলো স্বাগতিকদের। কিন্তু অন্যদের ব্যর্থতায় স্বপ্নটা ভেঙ্গে গেছে নির্মমভাবে।
২০ রানে ৩ উইকেট নিয়ে পাঞ্জাবের সবচেয়ে সফল বোলার আজহার মেহমুদ।
জবাবে মানদীপ সিং (৩০ বলে ৪৩), নিতীন সাইনি (৩৬ বলে ৫০) ও ডেভিড হাসির (২৯ বলে ৪৫) তিনটি চমৎকার ইনিংস সহজ জয়ের পথেই নিয়ে যাচ্ছিলো পাঞ্জাবকে। তবে তিনটি রান আউট হঠাৎ চাপে ফেলে দেয় তাদের।
শেষ পর্যন্ত বিনয় কুমারের করা শেষ ওভারের পঞ্চম বলে লং অনের ওপর দিয়ে মারা পীযূষ চাওলার ছক্কা পাঞ্জাবের ভাবনা দূর করে দেয়।
দশম ম্যাচে এটি পাঞ্জাবের পঞ্চম জয়। সমান ম্যাচে ব্যাঙ্গালোরের পঞ্চম হার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/০০১০ ঘ.
bdnews24