২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লির ১ রানের নাটকীয় জয়

রাজস্থান রয়্যালসকে নাটকীয়ভাবে ১ রানে হারিয়ে আইপিএলের শীর্ষে দিল্লি ডেয়ারডেভিলসের অবস্থান আরো সুসংহত। নবম ম্যাচে দিল্লির এটি সপ্তম জয়। সমান ম্যাচে রাজস্থানের পঞ্চম হার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2012, 02:45 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজস্থান রয়্যালসকে নাটকীয়ভাবে ১ রানে হারিয়ে আইপিএলের শীর্ষে দিল্লি ডেয়ারডেভিলসের অবস্থান আরো সুসংহত। নবম ম্যাচে দিল্লির এটি সপ্তম জয়। সমান ম্যাচে রাজস্থানের পঞ্চম হার। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে রাজস্থানের লক্ষ্য ছিলো ১৫৩ রান। ৯৯ রানের উদ্বোধনী জুটির পরও রাহুল দ্রাবিড়ের দলের হেরে যাওয়া বিস্ময়করই। অধিনায়ক দ্রাবিড়ের ‘ধীর গতির’ ব্যাটিংই রাজস্থানের হারের অন্যতম কারণ। ৪০ রান করলেও দ্রাবিড় খেলেছেন ৩৮ বল। যা টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য একটু বেমানান। দ্রাবিড়ের বিদায়ের পর এবারের আইপিএলের ‘বিস্ময়’ আজিঙ্কা রাহানে এবং টি-টোয়েন্টি বিশেষজ্ঞ ব্র্যাড হজ অবশ্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন। শেষ দুই ওভারে দরকার ছিল ১৫ রান। তবে মর্নে মরকেলের করা ১৯তম ওভারে খেলার মোড় ঘুরে যায়। ঐ ওভারে মাত্র ৩ রান দিয়ে হজকে (১৮ বলে ২২) ফিরিয়ে দেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার। তবু জিততে পারতো রাজস্থান রয়্যালস। উমেশ যাদবের করা শেষ ওভারের চতুর্থ বলে ছক্কা মেরে রাজস্থানের জয়ের সম্ভাবনা উজ্জ্বল করে তোলেন রাহানে। শেষ দুই বলে ৪ রানের প্রয়োজনীয়তার সামনে দাঁড়ানো রাহানে পঞ্চম বলে নেন দুই রান। কিন্তু শেষ বলটি ব্যাটেই লাগাতে পারেননি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। অন্য প্রান্তে থাকা ওয়েইস শাহ বাই রানের আশায় দৌড় শুরু করেছিলেন। কিন্তু তিনি পৌঁছানোর অনেক আগেই উইকেট রক্ষক নামান ওঝার ছোড়া বল ভেঙ্গে দেয় উইকেট। তাই ৬৩ বলে অপরাজিত ৮৪ রানের আরেকটি দুর্দান্ত ইনিংস খেলেও মাথা নিচু করে ফিরতে হয় রাহানেকে। এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া দিল্লি ১৯ রানে মাহেলা জয়াবর্ধনে (৬) ও কেভিন পিটারসেনকে (৫) ১৯ রানের মধ্যে হারিয়ে বিপদে পড়ে যায়। তবে দারুণ ফর্মে থাকা অধিনায়ক বীরেন্দর শেবাগের (৩৯ বলে ৬৩) আরেকটি ঝড়ো ইনিংসের সঙ্গে রস টেলর (২৫) ও যোগেশ নাগরের (২৭) দুটো দায়িত্বশীল ইনিংস ৬ উইকেটে ১৫২ রানের সংগ্রহ এনে দেয় স্বাগতিকদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০৪৩ ঘ.