২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএলের সমালোচনাই রানাতুঙ্গার অপরাধ!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে সবসময়ই সমালোচনা করে এসেছেন অর্জুনা রানাতুঙ্গা। স¤প্রতি শ্রীলঙ্কার ‘দ্য আইল্যান্ড’ পত্রিকা জানিয়েছে, ওই কারণেই নাকি শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছিলো ১৯৯৬ এর বিশ্বকাপ জয়ী এই অধিনায়ককে!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2012, 05:48 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে সবসময়ই সমালোচনা করে এসেছেন অর্জুনা রানাতুঙ্গা। স¤প্রতি শ্রীলঙ্কার ‘দ্য আইল্যান্ড’ পত্রিকা জানিয়েছে, ওই কারণেই নাকি শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছিলো ১৯৯৬ এর বিশ্বকাপ জয়ী এই অধিনায়ককে! রানাতুঙ্গাকে সরিয়ে দেয়ার জন্য শ্রীলঙ্কা সরকারকে চাপ দিয়েছিলো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পত্রিকাটিতে আরো উল্লেখ করা হয়, ২০০৯ সালের আইপিএলের সঙ্গে টেস্ট সিরিজের জন্য শ্রীলঙ্কার ইংল্যান্ড সফরের সময়সূচির সংঘাত হয়। ইংল্যান্ড সফরের জন্য ওই সময়ে আইপিএল ছেড়ে খেলোয়াড়দের আগেভাগে চলে আসার অনুরোধ করেছিলেন রানাতুঙ্গা। যা বিসিসিআই কর্তৃপক্ষকে ক্ষুব্ধ করে তোলে। শ্রীলঙ্কার প্রতিনিধিদের সঙ্গে ব্যাংককে জরুরী সভা ডাকে বিসিসিআই। ২০০৮ সালের অক্টোবরে ওই সভায় উপস্থিত ছিলেন সাবেক আইপিএল কমিশনার ললিত মোদি, বর্তমান বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসন ও সচিব নিরঞ্জন শাহ। বৈঠকে বিসিসিআই কর্তৃপক্ষ এসএলসি প্রতিনিধিদের রীতিমত শাসায়। দুই ঘন্টাব্যাপী ওই সভায় এফটিপিতে থাকা ভারতীয় দলের শ্রীলঙ্কা সফরও অনিশ্চিত হয়ে যেতে পারে বলে হুমকি দেয়া হয়। তার পরপরই এসএলসি প্রধানের দায়িত্ব থেকে রানাতুঙ্গাকে সরিয়ে দেয় দেশটির ক্রীড়া মন্ত্রনালয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২৩২০ ঘ.