ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শনিবার আইপিএলের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৭ রানের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। নবম ম্যাচে এটি পাঞ্জাবের চতুর্থ জয়। সমান ম্যাচে চেন্নাইয়ের চতুর্থ হার।
চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৫৬ রান করে কিংস ইলেভেন পাঞ্জাব। সর্বোচ্চ ৫৬ রান আসে উদ্বোধনী ব্যাটম্যান মানদ্বীপ সিংয়ের ব্যাট থেকে। ম্যাচ সেরাও হন তিনি।
দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন শন মার্শ। ডেভিড মিলার ১৯ ও আজহার মেহমুদ ১৮ রান করেন।
২৯ রানে ৩ উইকেট নেয়া অ্যালবাই মরকেল চেন্নাইয়ের সবচেয়ে সফল বোলার।
লক্ষ্য তাড়া করতে নেমে চেন্নাইয়ের শুরুটা ভালো হলেও নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় একসময় ম্যাচ থেকে ছিটকে পড়ে স্বাগতিকরা। শেষ দিকে ডোয়াইন ব্রাভো লড়াই করার চেষ্টা করলেও ম্যাচ জেতানোর জন্য তা যথেষ্ঠ ছিলো না। ৮ উইকেটে ১৪৯ রানে থেমে যায় চেন্নাই।
দুইটি ছক্কায় ২১ বলে ৩০ রান করেন ব্রাভো। ফাফ দু প্লেসি ২৯ ও সুব্রামানিয়াম বদ্রিনাথ ২৮ রান করেন।
পাঞ্জাবের পক্ষে ২৫ রানে ৩ উইকেট নেন আজহার মেহমুদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০১৬ ঘ.
bdnews24