ঢাকা, ২৮ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী মাসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ঘোষিত ওয়েস্ট ইন্ডিজের ১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন ব্যাটসম্যান মারলন স্যামুয়েলস ও উইকেটরক্ষক দীনেশ রামদিন।
বাদ পড়েছেন উইকেটরক্ষক কার্লটন বাফ ও ১৯ বছর বয়সী ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েইট। নিজেদের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে অনুজ্জ্বল ছিলেন দুজনই।
স¤প্রতি হাতের চোট থেকে সুস্থ হয়ে উঠেছেন রামদিন। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাফের ব্যর্থতা তাকে দলে ফেরাতে প্রধান ভূমিকা রেখেছে।
আগেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার অনুমতি পাওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে খেলেননি স্যামুয়েলস। তিন ম্যাচের ওই টেস্ট সিরিজ ২-০ তে হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ।
পিঠের চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্টে খেলতে পারেননি ফিদেল এডওয়ার্ড। ১৫ সদস্যের দলে নাম আছে এই পেসারেরও। দলে নতুন মুখ ২৩ বছর বয়সী ত্রিনিদাদের পেসার শ্যানন গ্যাব্রিয়েল। অভিষেকের অপেক্ষায় থাকা মিডল-অর্ডার ব্যাটসম্যান আসাদ ফুদাদিনও দলে আছেন। ডমিনিকায় শেষ টেস্টে দলে ডাক পেলেও খেলার সুযোগ পাননি গায়ানার এই ক্রিকেটার।
তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি ১৭ মে লর্ডসে।
ওয়েস্ট ইন্ডিজ দল: ড্যারেন স্যামি (অধিনায়ক), কার্ক এডওয়ার্ডস (সহ-অধিনায়ক) অ্যাড্র্রিয়ান বারাথ, ড্যারেন ব্রাভো, শিবনারায়ণ চন্দরপল, নরসিং দিওনারায়ণ, ফিদেল এডওয়ার্ডস, আসাদ ফুদাদিন, শ্যানন গ্যাব্রিয়েল, কাইরন পাওয়েল, দীনেশ রামদিন (উইকেটরক্ষক), রবি রামপল, কেমার রোচ, মারলন স্যামুয়েলস ও শেন শিলিংফোর্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯০৬ ঘ.
bdnews24