২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমার কাছে সবার আগে দল: সাকিব

এখনও প্রথম একাদশে নিয়মিত হতে পারেননি। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ৮টি ম্যাচ খেলে ফেললেও তিনি সুযোগ পেয়েছেন মাত্র ৩টিতে। তবে সাকিব আল হাসান তাতে হতাশ নন। বিশ্বসেরা অলরাউন্ডার জানিয়েছেন, তার কাছে ব্যক্তিগত লক্ষ্যের চেয়ে দলের প্রয়োজনীয়তাই বেশি গুরুত্বপূর্ণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2012, 12:59 PM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এখনও প্রথম একাদশে নিয়মিত হতে পারেননি। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ৮টি ম্যাচ খেলে ফেললেও তিনি সুযোগ পেয়েছেন মাত্র ৩টিতে। তবে সাকিব আল হাসান তাতে হতাশ নন। বিশ্বসেরা অলরাউন্ডার জানিয়েছেন, তার কাছে ব্যক্তিগত লক্ষ্যের চেয়ে দলের প্রয়োজনীয়তাই বেশি গুরুত্বপূর্ণ। ১৫ এপ্রিল ইডেন গার্ডেন্সে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে সর্বশেষ খেলেন সাকিব। এরপর ৩টি ম্যাচেই সুযোগ পাননি। এর মধ্যে ২৪ এপ্রিল ডেকান চার্জার্সের বিপক্ষে ম্যাচটা পরিত্যক্ত হয়ে গেছে একটিও বল না হয়েই। দলে অনিয়মিত হয়ে পড়ার হতাশা অবশ্য লুকাতে পারেননি আইসিসির টেস্ট-ওয়ানডে দুটোরই অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা সাকিব। তবে দলের বাইরে থাকার বাস্তবতাকে স্বাভাবিকভাবেও নিচ্ছেন। তিনি বলেন, “অস্বীকার করছি না প্রথম একাদশে নিয়মিতভাবে সুযোগ না পাওয়ায় আমি কিছুটা হলেও হতাশ। তবে আমি সব সময় সবার আগে দলের প্রয়োজনের কথাই চিন্তা করি। আমি একজন টিম ম্যান এবং আমি বিশ্বাস করি আমাদের সেরা একাদশই খেলাতে হবে।” ৩ ম্যাচে বল হাতে ভালোই নৈপুণ্য সাকিবের। তবে ১০.৬৬ গড়ে ৬ উইকেট নিলেও ব্যাটিংয়ে এখনো তেমন সুবিধা করে উঠতে পারেননি। সব মিলিয়ে মাত্র ২৪ রানেই তা প্রমাণিত। সাকিব অবশ্য জানিয়েছেন, ব্যাট হাতেও জ্বলে ওঠার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তিনি বলেন, “যে ৩টি ম্যাচ খেলেছি তার একটিতে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছি। এবারের আইপিএলে বোলার হিসেবে বেশ ভালোই করেছি। তবে ব্যাটসম্যান হিসেবেও আমাকে অনেক ভালো করতে হবে। তাই নেটে ব্যাটিংয়ের ওপরে একটু বেশিই জোর দিচ্ছি।” প্রথম দুই ম্যাচেই হেরে যাওয়ায় কলকাতার শুরুটা একদমই ভালো হয়নি। তবে সাকিবের দৃঢ় বিশ্বাস, শুরুর হতাশাকে পেছনে ফেলে কলকাতার পক্ষে অনেক দূর যাওয়া সম্ভব। তিনি বলেন, “এবারের টুর্নামেন্টে আমাদের শুরুটা মোটেই ভালো হয়নি। এরপর একটা ‘ক্লোজ’ ম্যাচেও হেরেছি। তবে ক্রিকেটের এ ধরণের ফরম্যাটে এমন ঘটনা হতেই পারে। আমি মনে করি পরাজয়কে পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আমাদের আছে। তাই দুশ্চিন্তা করার কিছু নেই।” বাংলাদেশের সাবেক অধিনায়কের ধারণা, এবারের আইপিএলে অনেক দূর পর্যন্ত যাবে কলকাতা নাইট রাইডার্স। এমনকি শিরোপা জয়ের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না সাকিব। তিনি বলেন, “আমরা প্রতি ম্যাচেই উন্নতি করছি। চেষ্টা করছি আরো ধারাবাহিক হওয়ার। আমরা একটি-একটি করে ম্যাচ ধরে এগোচ্ছি। আমাদের প্রথম লক্ষ্য নকআউট পর্বে খেলা। তারপর শিরোপা জয়ের দিকে দৃষ্টি নিবদ্ধ করবো। তবে আমি নিশ্চিত, গতবারের চেয়ে এবার আমরা অনেক ভালো করবো।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮৪৯ ঘ.