২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় লিগের ফাইনালে লড়াইয়ের প্রতিশ্রুতি

রোমাঞ্চকর ফাইনালের প্রতিশ্রুতি দিয়েছে রাজশাহী ও খুলনা। শিরোপা ধরে রাখতে আত্মবিশ্বাসী বর্তমান রাজশাহী অন্য দিকে তিন বছর পর শিরোপা পুনরুদ্ধারের ব্যাপারে আশাবাদী খুলনাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2012, 05:27 PM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রোমাঞ্চকর ফাইনালের প্রতিশ্রুতি দিয়েছে রাজশাহী ও খুলনা। শিরোপা ধরে রাখতে আত্মবিশ্বাসী বর্তমান রাজশাহী অন্য দিকে তিন বছর পর শিরোপা পুনরুদ্ধারের ব্যাপারে আশাবাদী খুলনাও। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার ওয়ালটন ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগের ফাইনালে খেলবে রাজশাহী ও খুলনা। সর্বশেষ ৩ বারের চ্যাম্পিয়ন রাজশাহী সব মিলিয়ে চারবার শিরোপা জিতেছে। আটবারের ফাইনালিস্ট রাজশাহী খেলেছে শেষ সাত আসরের ফাইনালে। অন্য দিকে দুই বার ফাইনালে উঠে দুবারই শিরোপা জিতেছে খুলনা। লিগে রাজশাহীর শুরুটা খুব একটা ভালো হয়নি। তবে লিগের শেষ দিকে নিজেদের পুরনো চেহারায় ফিরেছে দলটি। লিগ পর্বের শেষ ম্যাচে সিলেটের বিপক্ষে পাওয়া জয়ে দলের আত্মবিশ্বাস তুঙ্গে বলে জানিয়েছেন রাজশাহীর অধিনায়ক ফরহাদ রেজা। তিনি বলেন, “শেষ ম্যাচটা জিতে আমাদের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গেছে। লিগের শেষ দিকে আমরা বেশ ভালোভাবে ফিরেছি।” “দলের জেষ্ঠ ক্রিকেটাররা প্রথম দিনে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারেন নি। তবে ছোটরা সে ঘাটতি ভালো ভাবেই পুষিয়ে দিয়েছে,” যোগ করেন তিনি। অনেকদিন ধরে একসঙ্গে খেলার কারণে দলের খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া বেশ ভালো বলে মনে করেন রেজা। তাই বলে খুলনাকে খাটো করে দেখতে রাজি নন তিনি। তিনি বলেন, “খুলনা দলে ইমরুল কায়েস, তুষার ইমরান, আনামুল হক বিজয়ের মতো ব্যাটসম্যান রয়েছেন। এছাড়া আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি ভালো বোলিং আক্রমণ রয়েছে তাদের। সব মিলিয়ে দলটি খুব ভারসাম্যপূর্ণ।” বুধবার রাজশাহী অনুশীলন না করলেও হাল্কা অনুশীলন করেছে খুলনা। দলের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, “ভালো দল হওয়ার পও শেষ তিন আসরে আমরা ফাইনালে উঠতে পারিনি। এর মূল কারণ কার্যকর খেলোয়াড়দের এক সঙ্গে না পাওয়া। জাতীয় দলের খেলা থাকায় অনেকেই খেলার সুযোগ পান না। আবার অনেক খেলোয়াড়কে অন্য দলে খেলতে হয়।” “এবার সবার মধ্যেই ভালো করার তাগাদা ছিল। এতোদুর আসার পর নিশ্চিয়ই খালি হাতে ফিরতে চাইবো না,” যোগ করেন তিনি। তিনি বলেন, “আমরা একটি দল হিসেবে খেলছি। তারপরও ফাইনালে মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসানের অভাব অনুভব করবো।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১২৩ ঘ.