ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বীরেন্দর শেবাগের আক্রমণাত্মক ব্যাটিংয়ে পুনে ওয়ারিয়র্সকে সহজেই ৮ উইকেটে হারিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। সাত খেলায় এটি মুম্বাইয়ের পঞ্চম জয় অন্য দিকে আট খেলায় পুনের চতুর্থ হার।
পুনের সুব্রত রায় সাহারা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে মনিশ পান্ডে ও রবিন উথাপ্পার অপরাজিত অর্ধশতকের সুবাদে ২ উইকেটে ১৪৬ রান করে পুনে ওয়ারিয়র্স। জবাবে শেবাগের অপরাজিত অর্ধশতকের সুবাদে ১৬ ওভারে ২ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি।
লক্ষ্য তাড়া করতে নেমে মাহেলা জয়াবর্ধনে (১৮) দুর্ভাগ্যজনক রান আউট হয়ে গেলে ২২ রানেই প্রথম উইকেট হারায় দিল্লি ডেয়ারডেভিলস।
দ্বিতীয় উইকেটে কেভিন পিটারসেনের (২৭) সঙ্গে শেবাগের ৮৯ রানের জুটি স্বস্তি¡তে ফেরায় দিল্লিকে। দলীয় ১১১ রানে পিটারসেনের বিদায়ের পর রস টেলরকে নিয়ে বাকি কাজটুকু সহজেই সারেন শেবাগ।
ম্যাচ শেষে ৮৭ রানে অপরাজিত থাকেন শেবাগ। তার ৪৮ বলের ইনিংসটি ১০টি চার ও ৩টি ছক্কায় সাজনো।
এর আগে ব্যাট করতে নেমে ১ রানেই সাজঘরে ফিরে আসেন জেসি রাইডার (০) ও সৌরভ গাঙ্গুলী (১)। সেখান থেকে দলকে দেড়শর কাছাকাছি স্কোর এনে দেন মনিশ ও উথাপ্পা। তৃতীয় উইকেটে তাদের ১৪৫ রানের অবিচ্ছিন্ন জুটির পরও শেষ পর্যন্ত ঘরের মাঠে পুনে ওয়ারিয়র্সের প্রথম হার এড়াতে পারেনি।
সর্বোচ্চ ৮০ রান আসে মনিশের ব্যাট থেকে। তার ৫৬ বলের ইনিংসে ৭টি চার ও ৩টি ছক্কা।
৬০ রানে অপরাজিত থাকেন উথাপ্পা। তিনি তার ৫৮ বলের ইনিংসটি সাজিয়েছেন ৬টি চার দিয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৯৫২ ঘ.
bdnews24