২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালো অবস্থায় খুলনা-রাজশাহী

তাসামুল হকের শতকের পরও জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় পর্যায়ের তৃতীয় পর্বে স্বস্তিতে নেই ঢাকা মেট্রো। বরং ইমরুল কায়েসের শতকের সুবাদে সোমবার তৃতীয় দিন শেষে চালকের আসনে খুলনা। সিলেটের বিপক্ষে প্রথম ইনিংসে ১১০ রানের লিড পাওয়ায় ভালো অবস্থায় আছে রাজশাহীও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2012, 01:12 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তাসামুল হকের শতকের পরও জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় পর্যায়ের তৃতীয় পর্বে স্বস্তিতে নেই ঢাকা মেট্রো। বরং ইমরুল কায়েসের শতকের সুবাদে সোমবার তৃতীয় দিন শেষে চালকের আসনে খুলনা। সিলেটের বিপক্ষে প্রথম ইনিংসে ১১০ রানের লিড পাওয়ায় ভালো অবস্থায় আছে রাজশাহীও। ঢাকা মেট্রো-খুলনা ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ২ উইকেটে ১১৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ঢাকা মেট্রো। শুরুতেই শামসুর রহমান শুভকে ফিরিয়ে দেন ডলার মাহমুদ। এর পর আরমান হোসেনও (৪) দ্রুত বিদায় নিলে আরো চাপে পড়ে যায় ঢাকা মেট্রো। তবে পঞ্চম উইকেটে আসিফ আহমেদের (৩১) সঙ্গে ৪৬ এবং ষষ্ঠ উইকেটে মেহরাব হোসেনের সঙ্গে ৩১ রানের জুটি গড়ে দলকে জোড়া ধাক্কা সামলে উঠতে সাহায্য করেন তাসামুল। ঠিক ১০০ রান করে আউট হওয়া তাসামুলের ১৬৭ বলের ইনিংসে ১৬টি চার। এরপর মেহরাব ৫২ রান করলেও ২৮৮ রানে শেষ হয়ে যায় ঢাকা মেট্রোর প্রথম ইনিংস। ৩৪ রানে ৪ উইকেট নিয়ে ডলার খুলনার সেরা বোলার। ১১৯ রানে ৩ উইকেট নেন আব্দুর রাজ্জাক। ৩৩০ রানের লিড পেলেও প্রতিপক্ষকে ফলো অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সিদ্ধান্ত নেয় খুলনা। প্রথম ইনিংসে ১৩ রানের জন্য শতক পাননি ইমরুল। দ্বিতীয় ইনিংসে তার সেই আক্ষেপ ঘুচেছে। সৌম্য সরকারের (৫৭) সঙ্গে ইমরুলের ১৫৫ রানের উদ্বোধনী জুটির সুবাদে দারুণ সূচনা পায় খুলনা। দিন শেষে ১০১ রানে অপরাজিত ইমরুল। ১৪৪ বলের ইনিংসে ১৩টি চার ও একটি ছক্কা। ২ উইকেটে ১৬৬ রান নিয়ে দিন শেষ করায় সব মিলিয়ে ৪৯৬ রানে এগিয়ে রয়েছে খুলনা। সিলেট-রাজশাহী মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩ উইকেটে ১৫২ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে সিলেট। প্রথম ৯ ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছালেও লিড নিতে পারেনি তারা। সর্বোচ্চ ৬১ রান আসে নাদীফ চৌধুরীর ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান রাজিন সালেহর । অধিনায়ক অলক কাপালীর অবদান ৩৮ রান। সিলেটের প্রথম ইনিংস ২৭৭ রানে শেষ করে দিয়ে ১১০ রানের লিড নেয় রাজশাহী। ৮৪ রানে ৪ উইকেট নিয়ে সাকলায়েন সজীব রাজশাহীর সেরা বোলার। অধিনায়ক ফরহাদ হোসেন ৩ উইকেট নেন ৬৩ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিপদে পড়ে যায় রাজশাহী। ৫৪ রানেই আউট হয়ে যান প্রথম চার ব্যাটসম্যান। তবে সাব্বির রহমান (২৬*) ও হামিদুল ইসলাম (১২*) সোমবার দলের আর কোনো ক্ষতি হতে দেননি। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে দুজনের অবদান ৪৬ রান। দিন শেষে রাজশাহীর সংগ্রহ ৪ উইকেটে ১০০ রান। সব মিলিয়ে তারা এগিয়ে আছে ২১০ রানে। সিলেটের পক্ষে আবুল হোসেন রাজু ২৭ রানে নেন ২ উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/এএনএম/এএআর/১৯০৭ ঘ.