২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেকানকে হারিয়ে কলকাতার চতুর্থ জয়

ডেকান চার্জাসকে সহেজেই ৫ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। সাত খেলায় এটি কলকাতার চতুর্থ জয় অন্য দিকে পাঁচ খেলায় এটি ডেকান চার্জার্সের পঞ্চম হার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2012, 07:17 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডেকান চার্জাসকে সহেজেই ৫ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। সাত খেলায় এটি কলকাতার চতুর্থ জয় অন্য দিকে পাঁচ খেলায় এটি ডেকান চার্জার্সের পঞ্চম হার। কটকের বারাবাতি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শিখর ধাওয়ানের অর্ধশতকের সুবাদে ৭ উইকেটে ১২৬ রান করে ডেকান চার্জার্স। জবাবে ১৯ ওভারে ৫ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা নাইট রাইডার্স। লক্ষ্য তাড়া করতে নেমে ১৬ রানেই ব্রেন্ডন ম্যাককালাম (১০) সাজঘরের পথ ধরায় কলকাতা নাইট রাইডার্সের শুরুটা খুব একটা ভালো হয়নি। দ্বিতীয় উইকেটে মানভিন্দর সিং বিসলার (১০) সঙ্গে ২৮ ও তৃতীয় উইকেটে জ্যাক ক্যালিসের সঙ্গে ২০ রানের ছোট কিন্তু কার্যকর দুটি জুটি গড়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন অধিনায়ক গৌতম গম্ভীর। গম্ভীরের পর ইউসুফ পাঠানের দ্রুত (৬) বিদায় অস্বস্তি¡তে ফেলে কলকাতা নাইট রাইডার্স শিবিরকে। পঞ্চম উইকেটে মনোজ তিওয়ারীর সঙ্গে ক্যালিসের ৩৩ রানের জুটি শঙ্কা কাটিয়ে অতিথিদের জয়ের পথে নিয়ে আসে। দলীয় ১০৫ রানে ক্যালিস (২৩) বিদায় নিলেও দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিওয়ারী। শেষ পর্যন্ত ৩০ রানে অপরাজিত থাকেন তিওয়ারী। ডেকান চার্জার্সের পক্ষে ডেল স্টেইন ২৪ রানে নেন ২ উইকেট। এর আগে অধিনায়ক কুমার সাঙ্গাকারার (১২) সঙ্গে ৩৭ রানের উদ্বোধনীর জুটির পর দ্বিতীয় উইকেটে পার্থিব প্যাটেলের (২৩) সঙ্গে ৪৪ রানের আরেকটি কার্যকরী জুটি গড়ে ডেকান চার্জার্সকে ভালো অবস্থানের নিয়ে যান ধাওয়ান। ১৪ ওভার শেষে দলটির স্কোর দাঁড়ায় ৯৫/২। শেষ ৬ ওভারে ৩১ রানেই ৫ উইকেট হারানোয় লড়াই করার জন্য বড় পুঁজি পাননি ডেকানের বোলাররা। সর্বোচ্চ ৫০ রান আসে ধাওয়ানের ব্যাট থেকে। তার ৫০ বলের ইনিংসটি ৪টি চার ও ১টি ছক্কায় সাজানো। লক্ষ্মীপতি বালাজি ও সুনীল নারায়ণ কলকাতা নাইট রাইডার্সের পক্ষে দুটি করে উইকেট নেন। বৃষ্টির কারণে রোববারের দ্বিতীয় খেলাটি বিলম্বে শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০১১৬