২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের সফর স্থগিত হওয়ায় ইউসুফ হতাশ

বাংলাদেশের পাকিস্তান সফর স্থগিত হয়ে যাওয়ায় ভীষণ হতাশ পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2012, 03:31 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের পাকিস্তান সফর স্থগিত হয়ে যাওয়ায় ভীষণ হতাশ পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ। শনিবার লাহোরে পাকিস্তানের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন শেষে ইউসুফ বলেন, “তিন বছর ধরে কোনো আন্তর্জাতিক দলের পাকিস্তান সফরে না আসা আমাদের জন্য খুবই হতাশাজনক। দেশে আন্তর্জাতিক ক্রিকেট দেখতে পাকিস্তানের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন।” “পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর ব্যাপারে পিসিবির আশা ছেড়ে দেয়া ঠিক হবে না। পাকিস্তানে বিদেশি দলগুলোকে আমন্ত্রণ জানানো অব্যাহত রাখতে হবে,” যোগ করেন তিনি। বাংলাদেশের সফর স্থগিত হয়ে যাওয়ায় পাকিস্তানের কোচ ডেভ হোয়াটমোরও ভীষণ হতাশ। তিনি বলেন, “আমি সিরিজটির দিকে অধীর আগ্রহে তাকিয়ে ছিলাম এবং পাকিস্তানে দল দুটির খেলা দেখতে চেয়েছিলাম। তবে এখন আমাদের পরবর্তী সিরিজের জন্য প্রস্তুতি নেয়ার সময় এসেছে।” আগামী মাসের শেষ দিকে পাকিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১২৭ ঘ.